‘বুড়ো’ শোয়েব মালিক যখন পাকিস্তানের ‘ত্রাণকর্তা’
আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েব মালিকের যখন অভিষেক, তখন পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলের অনেকের জন্মই হয়নি!
আজকের শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হায়দার আলী শোয়েবকে নিজেদের সতীর্থ হিসেবে দেখে অবাক হন নিশ্চয়ই। তবে এই ক্রিকেটাররা নিশ্চয়ই ভাবেন, এই বয়সেও শোয়েব মালিক কীভাবে খেলে যান অবিচল আত্মবিশ্বাস নিয়ে!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে প্রথমে ডাকা হয়নি মালিককে। কিন্তু পরে তাঁকে দলে নেওয়া হয়েছে, তাঁর বর্তমান পারফরম্যান্স বিচার করেই। এখনো টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা তারকা তিনি। ৩৯ বছর বয়সেও তাঁর ফিটনেস ঈর্ষণীয়। ভাবা যায়, তিনি পাকিস্তান দলে এমন সব ক্রিকেটারের সঙ্গে খেলছেন—তাঁর ক্যারিয়ারের শুরুতে যাঁদের বেশির ভাগই ক্রিকেটার হবেন কি না, সেটিই নিশ্চিত ছিল না! কয়েকজনেরই তো জন্মই হয়নি—বাবর আজম, শাদাব খানরা তখন নিতান্তই শিশু।
ক্রিকেটের অসাধারণ এক দূত হয়ে রয়েছেন এই মালিক। আজ থেকে ২২ বছর আগে, ১৯৯৯ সালের এমনই এক অক্টোবর মাসে তাঁর অভিষেক হয়েছিল পাকিস্তান দলে। মালিকের অভিষেকের দিনটা খুব মনে আছে ওয়াসিম আকরামের। ১৮ বছর আগে ক্রিকেটকে বিদায় জানানো পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলারের নেতৃত্বাধীন দলেই মালিকের অভিষেক হয়েছিল, ‘শোয়েব তখন ১৬-১৭ বছরের কিশোর। ওকে আমরা দলে নিয়েছিলাম অফ স্পিনার হিসেবে। ফিল্ডিংটা ভালো করত। অফ ব্রেকটাও মন্দ করত না। ১০-১১ নম্বরে নামত। সে যে পরবর্তীকালে এত ভালো ব্যাটসম্যান হয়ে উঠবে, সেটি আমরা তখন কেউই বুঝতে পারিনি। আমার ওর অভিষেকের মুহূর্তটা এখনো স্পষ্ট মনে আছে।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মালিক নন। তাঁর চেয়েও বয়সী ক্রিকেটার ক্রিস গেইল। ক্যারিবীয় তারকার অভিষেকটাও ১৯৯৯ সালেই। মালিকের অভিষেকের মাসখানেক আগে। ৪২ বছর বয়সে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছেন তাদের স্বপ্নসারথি হয়ে।
স্বপ্নসারথি মালিকও, তবে ওয়াসিম আকরাম তাঁকে আরও বেশি কিছুই মনে করেন। পাকিস্তানি কিংবদন্তি তো মালিককে রীতিমতো ত্রাণকর্তাই মনে করেন। তিনি এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দলের অস্তিত্ব রক্ষাকারীই, ‘সীমিত ওভারের ক্রিকেটে মালিক রীতিমতো পাকিস্তান ক্রিকেট দলের ত্রাণকর্তায় পরিণত হয়েছে ইদানীং। কেউ যদি ফিটনেস নিয়ে কথা বলে, তাহলে মালিক উদাহরণ হিসেবেই আসবে। সে এখনো দারুণ ফিট। সে এখনো অনেক কঠিন ট্রেনিং করে।’
তরুণদের জন্য মালিক এক বড় উদাহরণ বলে মনে করেন আকরাম, ‘সে তরুণদের জন্য বড় উদাহরণ বলে আমি মনে করি। সে এই বয়সেও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলছে। সে প্রমাণ করে দিয়েছে, মানসিকভাবে সে কতটা শক্তিশালী।’
পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তো মালিকের দীর্ঘদিনের সতীর্থ। অনেকটা পথ চলেছেন তাঁরা একসঙ্গে। পাকিস্তান দলের দুই অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। আফ্রিদি অবাক হন, সেই মালিক এখনো তাঁর ফিটনেস ধরে রেখে খেলে চলেছেন দেখে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মালিককে পাকিস্তান দলে ডাকায় তিনি দারুণ খুশি, ‘ভালো লাগছে যে পাকিস্তান দলে শোয়েব মালিককে আবারও ডাকা হয়েছে। সিনিয়র ক্রিকেটার হিসেবে মালিক নিজের অভিজ্ঞতা দিয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলের কাজে আসবেন, এটা নিশ্চিত।’
পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক বাবর আজম তো মালিককে দলের ‘সম্পদ’ই মনে করেন। শুধু তা-ই নয়, মালিককে তিনি দলের সবচেয়ে ফিট সদস্যই মনে করেন, ‘তাঁর অভিজ্ঞতা পাকিস্তান দলের জন্য সম্পদ। তিনি এ মুহূর্তে দলের সবচেয়ে ফিট ক্রিকেটার। প্রথম একাদশে তাঁকে খেলানোর পরিকল্পনা আমাদের আছে। তিনি সংযুক্ত আরব আমিরাতে দলের ভেতর ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
মালিকের ক্যারিয়ার উত্থান-পতনে ভরা। ১৯৯৯ সালে অভিষেকের পর দীর্ঘদিন সাকলায়েন মুশতাকের সঙ্গে পাকিস্তান দলের স্পিন-আক্রমণ সামলেছেন। তিনি ব্যাটসম্যান হয়ে ওঠেন আরও পরে। এ শতকের শুরু দশকের মাঝামাঝি সময় থেকে হঠাৎ করে আট-নয়ে ব্যাটিং করা মালিক হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন মালিক। পাকিস্তান দলকে রানার্সআপ করতে বড় ভূমিকা ছিল তাঁর। ২০০৯ সালে তো তিনি দেশের হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদই পেয়ে গেলেন। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন না। কিন্তু খেলেছেন পরের তিনটি আসরেই।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে প্রথমে নেওয়া হয়নি মালিককে। অথচ তিনি আইপিএল বাদে দুনিয়ার বাকি সব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেরই গুরুত্বপূর্ণ তারকা। এই তো কিছুদিন আগেও খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। পারফরম্যান্সও ভালো। সে কারণে তাঁকে যখন প্রথমে পাকিস্তান দলে নেওয়া হয়নি, তখন সমালোচনার ঝড় ওঠে। তবে তাঁকে একেবারে শেষ মুহূর্তে দলে ফেরানো হয় শোহাইব মাকসুদ চোটে পড়লে।
২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মালিক। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ছিল খুবই বাজে। এবারই পাকিস্তানের হয়ে শেষ বৈশ্বিক আসরে মাঠে নামবেন তিনি। তাই শেষটা যে তিনি মাথা উঁচু করেই করতে চাইবেন, এটা নিশ্চিতই।