বুড়ো হাড়ে ভেলকি

সময় ঘড়ির ব্যাটারিটা যেন খুলে রেখেছেন তিনি। পরশুর সেঞ্চুরিটি দিয়ে মিসবাহ-উল হক একটা অন্য রকম এক তালিকায় নাম তুলে দিলেন নিজের। ৪১ বছর পেরিয়েও টেস্ট সেঞ্চুরির সর্বশেষ কীর্তিটা যে ছিল প্রায় চার দশক আগের!
১৯৭৮ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ক্যারিয়ারের শেষ শতকটি হাঁকিয়েছিলেন বব সিম্পসন। ওই টেস্টে নামার সময় সাবেক অস্ট্রেলীয় অধিনায়কের বয়স ছিল ৪১ বছর ৩৫৯ দিন। পরশু দুবাই টেস্টের প্রথম দিনে শতক হাঁকানোর সময় মিসবাহর বয়স ছিল ৪১ বছর ১৪৭ দিন। টেস্ট ইতিহাসেই মিসবাহর চেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ড আছে ১০ জনের।
আধুনিক ক্রিকেটে এই বয়সে খেলে যাওয়াটাই বিস্ময়ের। সেটি আরও বেশি স্পষ্ট হবে, সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করাদের তালিকার দিকে তাকালে। ৪২ বছর পেরিয়েও টেস্ট সেঞ্চুরির কীর্তি আছে মাত্র ছয়জনের, সর্বশেষ কীর্তিটা ৬৪ বছর আগের! বুড়ো হাড়ে ভেলকি দেখানো সেই ছয়ের কীর্তির গল্প...