প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলে চতুর্থ ইনিংসে ৭ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছেন রঙ্গনা হেরাথ। টেস্টের এক ইনিংসেই ৭ বা এর বেশি উইকেট নেওয়া সবচেয়ে বেশি বয়সী শ্রীলঙ্কান বোলারও তিনি। পরশু এ কীর্তি গড়ার দিন তাঁর বয়স ছিল ৩৭ বছর ১৪৬ দিন। আগের রেকর্ডটাও হেরাথেরই ছিল, যেটি গড়েছিলেন গত বছর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেট নিয়ে। ওই সময় তাঁর বয়স ছিল ৩৬ বছর ১৪৮ দিন। তবে সম্মিলিত তালিকায় শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনারের অবস্থান অনেক নিচে। ৪৮ বছর ৩১২ দিন বয়সে ৭ উইকেট নিয়ে সবার ওপরে সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার হারহার্ট আয়রনমঙ্গার। কীর্তিটি তিনি গড়েছিলেন ১৯৩১ সালে, মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারি ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেট। সেদিন তাঁর বয়স ছিল ৪৪ বছর ৬৫ দিন।