ব্র্যাড হাডিনের বয়স ৩৭। ক্রিস রজার্সেরও তাই। রায়ান হ্যারিসের ৩৫, মাইকেল ক্লার্কেরও বয়স হয়ে গেছে ৩৪। এই অস্ট্রেলিয়াকে ‘ড্যাডস আর্মি’—বুড়োদের দল ডাকলে ক্লার্করা জোর গলায় প্রতিবাদ করতে পারবেন না! কিন্তু এই কথা নিয়ে এত উচ্চবাচ্য হওয়ার কারণ ছিল না। জেসন গিলেস্পি বলেছেন বলেই বোধ হয় এত কথা। গিলেস্পির ভাষায়, ‘ওদের বয়স হয়ে গেছে, ওদের ক্লান্ত করে ফেলার সময় এখন।’ কিন্তু গিলেস্পি ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠলেন কেন? সামনেই অ্যাশেজ, এই প্রেক্ষাপটে সাবেক পেসারের এই কথার নিশ্চয়ই একটা তাৎপর্য আছে! ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছেটা এখনো হয়তো যায়নি। এর সঙ্গে গিলেস্পির কাউন্টি দল ইয়র্কশায়ারেরও একটা যোগসূত্র খুঁজে নেওয়া যায়। ইয়র্কশায়ার কোচ তাঁর ছাত্র জো রুটকে একটু উদ্দীপ্ত করতেও এটা বলে থাকতে পারেন। পরে দেশে ফিরলে কী হবে না হবে তা নিয়ে আপাতত ভাবেনইনি সাবেক অস্ট্রেলীয় পেসার। সিডনি মর্নিং হেরাল্ড।