বৃথা গেল আমলার সেঞ্চুরি

ক্যানবেরার মানুকা ওভাল আজ দেখেছে দুটি শতরানের ইনিংস। একটি অস্ট্রেলিয়ার পক্ষে, আর অপরটি দক্ষিণ আফ্রিকার পক্ষে। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের শতকটি তৈরি করেছে দলের জয়ের ভিত্তি, কিন্তু হাশিম আমলার শতকটি ঠেকাতে পারেনি প্রোটিয়াদের হার। তার পরও বিশ্বের দুই শীর্ষ ক্রিকেট-শক্তির ব্যাটিং প্রদর্শনীটা মন্দ হয়নি। দক্ষিণ আফ্রিকা ৭৩ রানে হারলেও অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ৩৩০ রানের লক্ষ্যে তাঁদের মানসিকতা ছিল ইতিবাচকই।
টসে জিতে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩২৯ রান। অ্যারন ফিঞ্চের ১০৯ রানের ব্যক্তিগত ইনিংসটির সঙ্গে যুক্ত হয়েছিল টপ অর্ডার ব্যাটসম্যানদের দারুণ সম্মিলিত প্রয়াস। স্টিভেন স্মিথের ৭৩, ডেভিড ওয়ার্নারের ৫৩ আর শেন ওয়াটসনের ৪০ রানে ভর করে দক্ষিণ আফ্রিকার দিকে ছুড়ে দেওয়া অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জটা ছিল বেশ শক্ত-পোক্তই।
দক্ষিণ আফ্রিকার জবাবটাও শুরুর দিকে মন্দ ছিল না। আহত ইমরান তাহিরকে ব্যাটিংয়ে পাওয়া যাবে না—এমন চিন্তা মাথায় নিয়েই প্রোটিয়াদের রান তাড়াটা ৩৭/৩৮ ওভার পর্যন্ত মোটামুটি সঠিক পথে থাকলেও এর পরপরই পথ হারায় তারা। শেষ অবধি ৪৪.৩ ওভারেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
হাশিম আমলা ও কুইনটন ডি কক জুটি শুরুটা দারুণই করেছিলেন। আমলার ১০২ রান আসে ১১৫ বলে, নয় চারে। ককের ব্যাট থেকে আসে ৪৭। পরে এবি ডি ভিলিয়ার্স ৫২ রান করে আমলা আর ককের দেওয়া ব্যাটনটা টেনে নিয়ে যাওয়া চেষ্টা করলেও শেষ অবধি পারেননি যোগ্য সঙ্গীর অভাবে।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক আর জোস হ্যাজেলউডই শেষ করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং-মেরুদণ্ড। স্টার্ক ৩২ রানে নিয়েছেন ৪ উইকেট। হ্যাজেলউডের ৩ উইকেট ৫১ রানের বিনিময়ে। এ ছাড়া কেন রিচার্ডসন আর মিচেল মার্শ তুলে নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে, অস্ট্রেলিয়ার ইনিংসে ২টি উইকেট নিয়েছেন মরনে মরকেল। ভারনন ফিল্যান্ডার, ফারহান বেহারডিয়েন আর এবি ডি ভিলিয়ার্স একটি করে উইকেট নিলেও অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পথে বাধা হতে পারেননি। সূত্র: স্টার স্পোর্টস।