বৃথাই গেল ও'কিফ-নেভিলদের বীরত্ব

মাঠ ছেড়েছিলেন গত পরশু। হ্যামস্ট্রিংয়ে টান পেয়ে মাঠ ছেড়ে যাওয়া স্টিভ ও’কিফ গতকাল আর মাঠেই নামেননি। কিন্তু আজ দলের প্রয়োজনে তাঁকে নামতে হলো ব্যাট করতে। শুধু নামলেন বললে অন্যায় হবে, দেখিয়ে দিলেন কীভাবে ক্রিজ আঁকড়ে থেকে লড়তে হয়। কিন্তু ও’কিফের এই বীরত্ব বৃথা গেল। পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কার কাছে ১০৬ রানে হেরেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার এটি মাত্রই দ্বিতীয় জয়।
মধ্যাহ্ন বিরতির পর মাঠে নেমেছিলেন ও’কিফ। ৫৬.১ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর তখন ১৫৭ রান। অস্ট্রেলিয়াকে জয় এনে দিতে পারতেন যিনি সেই স্টিভ স্মিথও(৫৫) ফিরে গেছেন বহু আগে। জয়ের জন্য ১১১ রান প্রয়োজন সফরকারীদের। ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা? সে কখন উড়ে গেছে! বৃষ্টির হুমকি-ধামকি, অন্ধকার আকাশও আশা দিতে পারছিল না স্মিথদের। বরং অস্ট্রেলিয়া কখন অলআউট হবে, কৌতূহল ছিল এ নিয়েই!
কিন্তু হঠাৎই দাঁড়িয়ে গেলেন ও’কিফ, অপর প্রান্তে থাকা পিটার নেভিল। আক্ষরিক অর্থেই দাঁড়িয়ে যাওয়া যাকে বলে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ঠিকমতো পা-ই ফেলতে পারছিলেন না ও’কিফ। তাই বলগুলো যে ফাঁকায় ঠেলে রান নেবেন সে উপায় ছিল না তাঁর। ৫৭তম ওভারে নামলেন, প্রথম স্কোরিং শট ৬৩তম ওভারের পঞ্চম বলে। লক্ষণ সান্ডাক্যানকে স্কয়ার লেগ দিয়ে চার মারলেন ও’কিফ। ওটাই শেষ। এরপর উইকেটে এই জুটি ছিল আরও ২৩ ওভার। এই সময়ে ও’কিফ কিংবা নেভিল কোনো রানই নেননি! সঙ্গী দৌড়াতে পারছেন না, তাই নেভিলও কোনো রান নিতে পারেননি। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে চার-ছক্কা হাঁকানোর চেষ্টাও করতে যাননি নেভিল। একটি মাত্র আক্রমণাত্মক শট খেলতে চাইলেন ৮৬তম ওভারের পঞ্চম বলে। সেটিতেই আউট হলেন! ধনঞ্জয় ডি সিলভার নিরীহ এক বলে কাট করতে গিয়ে আউট নেভিল। শেষ হলো রেকর্ড গড়া এক জুটি। ১৭৮ বলের নবম উইকেট জুটিতে মাত্র ৪ রান করেছেন এই দুজন।
যেকোনো উইকেট জুটিতেই এক শর বেশি বল খেলে এর চেয়ে কম রান করেনি কোনো জুটি। কিন্তু এই জুটির গল্প তো রানের নয়, এই জুটির গল্প হচ্ছে চরিত্র প্রদর্শনের। বলা হয়, টেস্ট ক্রিকেট আসল পরীক্ষা নেয় খেলোয়াড়দের দৃঢ়তার, চরিত্রের। সে অনুযায়ী নিজেদের চরিত্র আজ দেখিয়ে দিয়েছেন ও’কিফ ও নেভিল।
নেভিল ফেরার ১৬ বল পরেই ফিরেছেন ও’কিফ। ৯৮ বলে ৪ রান করে রঙ্গনা হেরাথের পঞ্চম শিকার হয়ে যখন ফিরলেন ও’কিফ, এ টেস্ট হারলেও গল টেস্টের জন্য অনুপ্রেরণা পেয়ে গেছেন স্মিথরা।