বৃষ্টি আর অন্ধকারকেও জয় করল শ্রীলঙ্কা

২০ জানুয়ারি থেকে ১১ আগস্ট—মাত্র আট মাসের ব্যবধানে একই দৃশ্যের পুনরাবৃত্তি হবে, ভেবেছিল কেউ? গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে শারজায় শেষ টেস্টটি আলোক-স্বল্পতার মধ্যে ৫ উইকেটে জিতে সিরিজ বাঁচিয়েছিল পাকিস্তান। এবার ঠিক উল্টো। গল টেস্টে পাকিস্তানের বিপক্ষে ‘অন্ধকারে আলোকিত জয়’ পেল শ্রীলঙ্কা। ৭ উইকেটে জিতে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল ২ ম্যাচের সিরিজ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। শুধু কি অন্ধকার, শ্রীলঙ্কার সামনে আরেক প্রতিপক্ষ ছিল বৃষ্টি। শেষ রানটি নেওয়ার পরপরই নেমে এল বৃষ্টি।
গল টেস্টে আরেক অর্থে জিতেছে ক্রিকেটই। ‘ঘুম পাড়ানি’ টেস্ট ম্যাচও যে উত্তেজনার পসরা সাজিয়ে বসতে পারে, এই ম্যাচ না দেখলে বোঝার উপায় নেই! অথচ দুই দলের প্রথম ইনিংস শেষ করতে লেগে গেল প্রায় চার দিন। সব নাটকীয়তা-উত্তেজনা একসঙ্গে হাজির হলো শেষ দিনে! খেলোয়াড়-সমর্থকদের স্নায়ুর ওপর রীতিমতো ঝড়ই বয়ে গেল। এ কারণেই কি না জয়সূচক রানটা নিয়ে বিশ্বজয়ের আনন্দে ফেটে পড়লেন লঙ্কান অধিনায়ক ম্যাথুস! উল্লাসে ফেটে পড়লেন সাজঘরে বসা মাহেলা জয়াবর্ধনেও, গলে এটাই যাঁর শেষ টেস্ট।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৮০ রানে অলআউট হলে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২১ ওভারে ৯৯। ওভার প্রতি চারের ওপর রান তুলতে হতো। লঙ্কান ব্যাটসম্যানদের পাকিস্তান বোলারদের তো বটেই প্রকৃতিকেও জয় করার চ্যালেঞ্জটা নিতে হলো। একদিকে আলোক-স্বল্পতা, অন্যদিকে মেঘলা আকাশ—লঙ্কান ব্যাটসম্যানরা এরই মধ্যে ব্যাট চালাতে শুরু করলেন ধারালো তলোয়ারের মতো। ১৬.২ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে গেলেন ম্যাথুসরা। সর্বোচ্চ ২৬ এল জয়াবর্ধনের ব্যাট থেকেই। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট পেলেন জুনায়েদ খান।
আগের দিনের ১ উইকেটে ৪ রান নিয়ে খেলতে নেমে রঙ্গনা হেরাথের ঘূর্ণিজাদুতে মাত্র ১৮০ রানে অলআউট পাকিস্তান। হেরাথ একাই নিয়েছেন ৬ উইকেট। ম্যাচ-সেরাও তিনি। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫২ এসেছে আট নম্বরে নামা উইকেট রক্ষক সরফরাজ আহমেদের ব্যাট থেকে। কিন্তু বৃথা গেছে তাঁর নিঃসঙ্গ লড়াই। ৫৫ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। সর্বনাশের চূড়ান্ত হয় দলীয় ১১১ রানেই আজহার আর মিসবাহ দুজনই ফিরে এলে। দুজনের ব্যাটেই প্রথম প্রতিরোধ শুরু করেছিল পাকিস্তান।
কিন্তু শেষ পর্যন্ত জয়াবর্ধনের জন্য একটা জয় তুলে নিতে মরিয়া শ্রীলঙ্কাই সফল হলো। হাসিমুখে, আতশবাজির বৃষ্টিতে গল থেকে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানটি। টেনক্রিকেট ও ক্রিকইনফো।