বৃষ্টি এড়িয়ে শীর্ষে দোলেশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝোড়ো বাতাস শুরু হয়ে গিয়েছিল আগেই। অপেক্ষা ছিল ঈশান কোণ থেকে আকাশ অন্ধকার করে বয়ে আসা মেঘের দল কখন বৃষ্টি ঝরাবে সেটার। কলাবাগান ক্রিকেট একাডেমির ড্রেসিংরুমে তখন মৃদু উত্তেজনা। উইকেটে থাকা ব্যাটসম্যানরা কেন সময় নষ্ট করছেন না, অনুযোগ তা নিয়ে। উত্তেজনা ছিল প্রাইম দোলেশ্বর শিবিরেও, তবে বিপরীত কারণে। তারা তাড়া দিচ্ছিল বোলারদের দ্রুত ওভার শেষ করতে।
বৃষ্টির আগে ২০ ওভার খেলা না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। ডাকওয়ার্থ ও লুইস সাহেবের হিসাবে অনেকটা পিছিয়ে থাকা একাডেমির চাওয়া ছিল এটাই। দোলেশ্বর চাচ্ছিল কমপক্ষে ২০ ওভার খেলা হয়ে যাক, জয়টা যে হাতের মুঠোয় তখন!
শেষ পর্যন্ত ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টি এল ঠিক বেলা পৌনে তিনটায়। ততক্ষণে ২১ ওভার খেলে ৪ উইকেটে ৯৮ রান তুলেছে একাডেমি। ডাকওয়ার্থ-লুইস হিসাব থেকে তখনো ৪৯ রানে পিছিয়ে দলটি। সেই যে শুরু হলো, বৃষ্টি আর থামলই না। ঘণ্টা দেড়েক অপেক্ষার পর বিকেল ৪টা ২০ মিনিটে ম্যাচের সমাপ্তি ঘোষণা ম্যাচ রেফারির। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচ জিতে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এক দিনের জন্য হলেও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল প্রাইম দোলেশ্বর।
এ মাঠেই ঠিক আগের ম্যাচে আবাহনীকে হারিয়ে হইচই ফেলা কলাবাগান একাডেমি ইনিংস শুরু করেছিল ২৮৮ রানের লক্ষ্য সামনে রেখে। ইরফান শুক্কুর ও মাইশুকুর রহমান শুরুটা ভালোই করেছিলেন। ১০.৩ ওভারেই তুলে ফেললেন ৪৭ রান। একাদশ ওভারের চতুর্থ বলে অফ স্পিনার নাসিরের বলে মাইশুকুর বোল্ড হতেই মোচড় ইনিংসে। ৪৭ থেকে ৮১—এই ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে সমীকরণটা শুধু কঠিনই করেছে একাডেমি। এর মাঝে আবার অসুস্থতার কারণে সাজঘরে ফিরে গেছেন আগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করা অধিনায়ক মাহমুদুল হাসান।
মাহমুদুল আগের ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারেননি। তবে সকালে দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেনের ব্যাট হাসল এই ম্যাচেও। আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৮৮ রান করা ইমতিয়াজ কাল আউট হলেন ৮৬ রানে ডিপ মিড উইকেটে নুরুজ্জামানের হাতে দুর্দান্ত এক ক্যাচ হয়ে। এবারের লিগে আট ম্যাচে ৪৯০ রান করা দোলেশ্বর ওপেনার অবশ্য ফিরতে পারতেন ২৭ রানেই। ইনিংসের ১৩তম ওভারে বাঁহাতি স্পিনার বিশ্বনাথ হালদারের বলে শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ তুলেছিলেন ইমতিয়াজ। মাইশুকুর হাতে রাখতে পারেননি বল। ফল, এরপর আরও ৫৯ রান যোগ হলো ৩১ বছর বয়সী ব্যাটসম্যানের হিসাবে।
ইমতিয়াজসহ কাল ফিফটি পেয়েছেন দোলেশ্বরের প্রথম তিন ব্যাটসম্যানই। তবে দোলেশ্বরের ইনিংসটা ২৮৭ হয়েছে ফরহাদ রেজার তাণ্ডবে। ৪৫তম ওভারে ক্রিজে এসে ১৫ বলে চার ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন দোলেশ্বর অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২৮৭/৬ (ইমতিয়াজ ৮৬, রকিবুল ৬৬, রবি ৫০, ফরহাদ রেজা ৩৪*; মিরাজ ২/৪৭, তাপশ ১/২৩, মাহমুদুল ১/৩৬, সাক্সেনা ১/৪৯, নুর ১/৬৩)। কলাবাগান একাডেমি: ২১ ওভারে ৯৮/৪ (ইরফান ৩৮, মাইশুকুর ২৩, মিরাজ ২১*; নাসির ২/৪৫, আল আমিন ১/১৭)।
ফল: প্রাইম দোলেশ্বর ৪৯ রানে জয়ী (ডি/এল)।
ম্যান অব দ্য ম্যাচ: ইমতিয়াজ হোসেন।