বৃষ্টি ছাপিয়ে উজ্জ্বল আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন খেলা হয়েছিল ৫০.৫ ওভার। বৃষ্টির কারণে কাল দ্বিতীয় দিনেও খেলা হতে পেরেছে মাত্র ৫০.৩ ওভার। তবে বৃষ্টিবিঘ্নিত অনুজ্জ্বল দিনেও উজ্জ্বল ছিলেন আজহার আলী। দিন শেষে ৬ উইকেটে পাকিস্তান যে ৩১০ রান করল, সেটি তো এই ওপেনারের দ্বাদশ টেস্ট সেঞ্চুরির সুবাদেই।
আগের দিন ৪ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছিল ১৪২। কাল আরও ১৬৮ রান তোলার পথে হারিয়েছে ২ উইকেট। ১৩৯ রান নিয়ে উইকেটে আছেন আজহার। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের পঞ্চম সর্বোচ্চ ইনিংস এটি। তাঁর সামনে মাজিদ খানকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। এই মেলবোর্নেই ১৯৭২ সালে ১৫৮ রান করেছিলেন মাজিদ, যা অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের কারও ব্যক্তিগত সর্বোচ্চ।
আজহারের ব্যাটিংয়ে ছিল পুরোনো দিনের ক্রিকেটের ছাপ। নিখাদ ক্রিকেটীয় শটে রান তোলা এই ওপেনারের ইনিংসটি ছিল শম্বুক গতির। স্ট্রাইক রেট ৪৮.৪৩। প্রথম বাউন্ডারিটি খেলার আগে পাকিস্তানি এই ওপেনার খেলেছেন ৯৪ বল! দলকে এগিয়ে নেওয়ার পথে আজহারকে বেশ ভালো সঙ্গ দিয়েছেন আসাদ শফিক ও মোহাম্মদ আমির। শফিকের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১১৫ রান তোলেন আজহার। ৫০ রান করা শফিককে ফিরিয়ে জুটিটি ভাঙেন জ্যাকসন বার্ড। প্রথম দিনে অসাধারণ দুটি বলে তিনি ফিরিয়েছিলেন ইউনিস খান ও মিসবাহ-উল হককে। আমিরের সঙ্গে অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিটি ৪২ রানের। ২৮ রানে অপরাজিত এই সিরিজে ‘ব্যাটসম্যান’ হয়ে ওঠা ফাস্ট বোলার আমির।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, মেলবোর্নে আজও হানা দিতে পারে বৃষ্টি। আরেকটি ম্লান দিনে হাসবে আজহারের ব্যাট?