বৃষ্টি থামার পর উইকেট-বৃষ্টি

শুরুটা দুর্দান্তই হয়েছিল বাংলাদেশের। রীতিমতো ভারতীয় বোলারদের শাসন করছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এই প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে শতরানের জুটি এনে দিয়েছেন এই দুজন। সৌম্য দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়ায় ভেঙেছে এই জুটি। তামিমও ফিফটির পর পরই আউট হন। মাঝখানে বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল এক ঘণ্টা। তবে কোনো ওভার কাটা হয়নি। পুরো ৫০ ওভারই হবে খেলা।
১৫.৪ ওভারে ১ উইকেটে ১১৯ রান তোলার পরই বৃষ্টিতে থেমে যায় খেলা। বৃষ্টি থামার পর বাংলাদেশের যেন উইকেট পতনের বৃষ্টি শুরু হয়! বিনা উইকেটে ১০২ রান তুলেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশেরই স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১৪৬। ৪৪ রানের মধ্যে বাংলাদেশের চার উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে ভারত। প্রথমটি রান আউট, পরের তিনটিই নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
খেলা শুরু হওয়ার পর স্কোর বোর্ডে আর ২৭ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অশ্বিন প্রথমে লং অফে তামিমকে ক্যাচ বানিয়েছেন রোহিত শর্মার। এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন অভিষিক্ত লিটন দাসকে। রোহিতের হাতেই লং অনে ক্যাচ দিয়েছেন মুশফিকুর রহিম। ১৩ রানে অপরাজিত সাকিবকে সঙ্গ দিচ্ছেন সাব্বির (৪)। ২৭ ওভার শেষে ৪ উইকেটে ১৫৯ তুলেছে বাংলাদেশ।
পেসার নেই কেন, পেসার নেই কেন—এই ত্রাহি ত্রাহি চিৎকারের জবাবে চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ফলে ব্যাটসম্যান আছেন আর একজনই—নাসির হোসেন।
অথচ কী দারুণ শুরুটাই না হয়েছিল বাংলাদেশের। প্রথম পাওয়ার প্লেতে আটের কাছাকাছি রান তুলে ৭৯ রান এনে দিয়েছিলেন তামিম-সৌম্য। ১০০তে পৌঁছাতে মাত্র ৮০ বল লেগেছে বাংলাদেশের। সর্বশেষ চার ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান তুললেন তামিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরির পর শেষ ওয়ানডেতে করেছিলেন ৬৪। সৌম্যও পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। আজ খেলছিলেনও দুর্দান্ত। তামিম-সৌম্য যেন আক্রমণের ধারে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার অগ্রজ-অনুজের প্রতিযোগিতায় নেমেছিলেন।
ষষ্ঠ ওভার থেকে দুজনে হাত খুলে মারতে শুরু করেন। উমেশ যাদবের করা ওই ওভারে তিনটি চার ও এক ছক্কায় ১৮ রান তোলেন তামিম। ভুবনেশ্বর কুমারের পরের ওভারে সৌম্য নেন ১০ রান। বাধ্য হয়েই ধোনি আক্রমণে আনেন অশ্বিনকে। তিন বলে দুটো চার মেরে সৌম্য তাঁকেও বার্তা দেন, পেস হোক কিংবা স্পিন—বাংলাদেশ আজ সর্বভুক। ১৪তম ওভারের প্রথম বলে মোহিত শর্মার বাউন্সারে আপার কাট করে ধোনির মাথার ওপর দিয়ে চার মেরে ফিফটিতে পৌঁছে যান সৌম্য। ওই ওভারের চতুর্থ বলেই রান আউটের শিকার হন। তাড়াহুড়োটা সৌম্যই করেছেন। মাত্র ৪০ বলে আটটি চার ও এক ছক্কায় ৫৪ করে রায়নার সরাসরি থ্রোতে আউট হন সৌম্য। আউট করার পরই রায়নার উল্লাস বলে দিচ্ছিল, কেমন চাপের মুখে পড়ে গিয়েছিল ভারত।
ছোট ভাই চার মেরে ফিফটিতে পৌঁছে ড্রেসিংরুমে ফিরে গেছে। সেই মোহিতকেই ডাউন দ্য উইকেটে এসে চার মেরে তামিম যেন সৌম্যকেই বলতে চাইলেন, ‘আমিও কী আর কম পারি!’ শেষ পর্যন্ত ৬২ বলে ৬০ করে ফিরেছেন, মেরেছেন ৭টি চার ও এক ছক্কা।
প্রথমে সৌম্য ফিরে গেলেও ততক্ষণে এই জুটি একটা রেকর্ড গড়ে ফেলেছে। এর আগে ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান ছিল তামিম-ইমরুলের। ২০১০ সালের জানুয়ারিতে ৮০ তুলেছিলেন দুজনে। সেটি পেরিয়ে সেঞ্চুরিতে পৌঁছে গেল জুটিটা। সব উইকেটেই ভারতের বিপক্ষে এর আগে ২৯ ওয়ানডেতে শতরানের জুটি হয়েছিল মাত্র আটটি। সবগুলোই গত আট বছরে। এ নিয়ে দেশের মাটিতে সর্বশেষ আট ওয়ানডের চারটিতেই উদ্বোধনী জুটিতে এল শতরান।
কিন্তু লাগাম এখন ভারতের হাতে। সর্বশেষ ৫ ওভারে মাত্র ১৯ রান তুলেছে বাংলাদেশ। ঝোড়ো শুরুটার কারণেই অবশ্য রান রেট এখনো ছয়ের কাছাকাছি আছে। বৃষ্টির আগে ১৫টি চার ও দুটো ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির পর ৩৭ বলে কোনো বাউন্ডারি নেই। রাশটা ভালোই টেনে ধরেছে ভারত। উইকেটগুলো অশ্বিন তুলে নিলেও চাপ তৈরির কৃতিত্ব কিন্তু রায়নার। ৯ ওভারে দিয়েছেন মাত্র ৩৪ রান। সেই সঙ্গে মনে রাখবেন, তাঁর দুর্দান্ত থ্রোই ভারতকে এনে দিয়েছিল প্রথম ব্রেক থ্রু।
এখন ম্যাচের লাগামটা আবার মুঠোয় তুলে নেওয়ার দায়িত্ব বেশি করে বর্তাচ্ছে সাকিবের কাঁধে। নতুন বাংলাদেশের নতুন প্রতিনিধি সাব্বিরকেও দিতে হবে দারুণ সঙ্গ। উইকেটে যেভাবে স্পিন ধরছে, তাতে বাংলাদেশের চার পেসার খেলানোর সিদ্ধান্ত না আবার বুমেরাং হয়। ম্যাচ শেষে না আবার এই প্রশ্ন ওঠে—চার পেসার কেন, চার পেসার কেন!