বৃষ্টি থেমেছে মিরপুরে, খেলা শুরু কখন?
বৃষ্টির উৎপাত এই মুহূর্তে নেই মিরপুরে। মাঠকর্মীরা প্রাণান্তকর প্রয়াস চালিয়ে যাচ্ছেন খেলা মাঠে গড়ানোর। মাঠের প্রায় পুরোটা জুড়ে থাকা আচ্ছাদনও সরিয়ে ফেলা হচ্ছে। প্রশ্ন এখন একটাই, ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা মাঠে গড়াবে কখন?
দুপুর দেড়টায় ম্যাচ অফিশিয়ালরা মাঠ পরিদর্শনে যাবেন। তখনই আসলে জানা যাবে টেস্টের তৃতীয় দিলের খেলা কখন মাঠে গড়াবে কিংবা আদৌ গড়াবে কিনা। তবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, তাতে আজ অন্তত এক-দেড় সেশন খেলা অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনাই থাকছে।
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে দেশব্যাপী বৃষ্টিপাতের কারণে শুক্রবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজ তৃতীয় দিনের শুরুতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি খেলা মাঠে গড়ানোর সম্ভাবনাকে ক্ষীণ করে দিয়েছিল। তবে এই মুহূর্তে আবহাওয়াকে যথেষ্ট অনুকূলই মনে হচ্ছে।
টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। বড় সংগ্রহের দারুণ ভিত্তি গড়েও প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬। শেষ সেশনে মাত্র ৩১ রানে ৪ উইকেট হারিয়েই দিনটা মাটি হয়েছে বাংলাদেশের। বৃষ্টির উৎপাতকে পেছনে ফেলে খেলা মাঠে গড়ালে দলের শেষ দুই ব্যাটসম্যানকে দলীয় সংগ্রহটাকে বাড়িয়ে নেওয়ার লড়াইয়ে নামবেন নাসির হোসেন। তিনি অপরাজিত আছেন ১৩ রানে।

পিচের ওপর থেকে সরিয়ে ফেলা হচ্ছে আচ্ছাদন।

মিরপুর স্টেডিয়ামের একাংশের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠছে মাঠের আচ্ছাদন সরানোর দৃশ্য।

মাঠ খেলার উপযোগী করতে প্রাণান্তকর প্রচেষ্টা মাঠকর্মীদের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর বারোটার সময়কার দৃশ্য।

কর্মযজ্ঞের একপর্যায়ে পরবর্তী করণীয় ঠিক করতে দেওয়া হচ্ছে মাঠকর্মীদের ব্রিফিং।