বৃষ্টি বাধা হলো না ওয়েস্ট ইন্ডিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ

পরশু রাত থেকে প্রচণ্ড বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি হলো কাল সকালেও। সেন্ট ভিনসেন্ট টেস্টের দ্বিতীয় দিনের খেলা তাই কাল লাঞ্চের আগে তো শুরু হয়ইনি, লাঞ্চের পরও মাঠ খেলার জন্য প্রস্তুত হতে লেগে গেল আরও ৫০ মিনিট। স্থানীয় সময় বেলা দেড়টায় খেলা শুরু হয়ে পৌনে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের রান ৩২৬। উইকেটের সংখ্যা অবশ্য পরশু চা-বিরতিতে যা ছিল তা-ই, ৩টি।
আর্নস ভেলে বৃষ্টি হানা দিয়েছিল টেস্টের প্রথম দিনই। দুবারের বৃষ্টিতে বেশ কয়েক মিনিট খেলা বন্ধ থেকেছে। দিনের শেষটাও হয়েছে বৃষ্টি দিয়েই। ৮৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান যখন ৩ উইকেটে ২৬৪, আরেকবার বৃষ্টি এসে দিনের খেলাই শেষ করে দিল। চা-বিরতির সময় ৮৯ রানে অপরাজিত থাকা ওপেনার ক্রেইগ ব্রাফেট অবশ্য ততক্ষণে পেয়ে গেছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, ১২৩ রানে অপরাজিত থেকে শেষ করেন দিন। তবে ১১৩ রানের সময় শুভাগতের বলে উইকেটকিপার মুশফিকুর রহিম ক্যাচটা না ফেললে ব্রাফেট পর্বের সমাপ্তি হয়ে যেত প্রথম দিনেই।
সেটা তো হলোই না, বাংলাদেশ বোলারদের সামনে কালও পাহাড় হয়ে দাঁড়িয়ে রইলেন ওয়েস্ট ইন্ডিজ দলের এই ওপেনার। সেঞ্চুরির পর দেড় শ রানও হয়ে গেছে ৩০৫ বল খেলে। এ প্রতিবেদন লেখার সময় রানটা ১৫৫, সঙ্গে ২০ রান নিয়ে শিবনারায়ন চন্দরপল তো ছিলেনই। চতুর্থ উইকেটে তাঁদের জুটিটা ততক্ষণে হয়ে গেছে ৬৫ রানের। বৃষ্টি তাই আর যা-ই করুক, ক্যারিবীয়দের রান-পাহাড়ে ওঠার পথ আটকাতে পারেনি।
সেন্ট ভিনসেন্ট টেস্টে বাংলাদেশের বোলারদের সর্বশেষ হাসিটা পরশু তাইজুল ইসলামই হেসেছেন। প্রথমে কার্ক এডওয়ার্ডসের উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার মিড অফে মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়েছেন ডোয়াইন ব্রাভোকেও। তার আগেই অবশ্য তৃতীয় উইকেটে ব্রাফেটের সঙ্গে ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২৮ রানের জুটি হয়ে গেছে ব্রাভোর।
সেন্ট ভিনসেন্ট টেস্টটা এখন পর্যন্ত ব্রাফেটের হাতে থাকলেও এই টেস্টের গতিপ্রকৃতি নির্ধারণে বৃষ্টিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা আছে আজও। অবশ্য বৃষ্টিতে শুধু যে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিনের খেলাই দেরিতে শুরু হয়েছে তা নয়, দুপুরের আগ পর্যন্ত জবুথবু হয়ে থাকল পুরো সেন্ট ভিনসেন্টই। প্রবল বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় নাকি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ই টি জশুয়া বিমানবন্দরও বাদ যায়নি। সমুদ্রের পারে বিমানবন্দর। বৃষ্টির পানিতে সেই বিমানবন্দরের রানওয়ে ভেসে যাওয়ায় কাল সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ছিল সেখানে।
যানজট দেখা দিয়েছে সড়কগুলোতেও। প্যারাডাইস বিচ হোটেল থেকে ট্যাক্সিতে আর্নস ভেল মাঠের দূরত্ব মিনিট পাঁচেকের হলেও কাল সকালে যানজটের কারণে লেগে গেল ২০ মিনিটের মতো। খেলা দেরিতে শুরু হবে বলে বুকামেন্ট বে রিসোর্ট থেকে দুই দল মাঠেও এল দেরি করে।

সর্বশেষ

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়ে গেছেন ক্রেগ ব্রাফেট। ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার অপরাজিত আছেন ২০৫ রানে। সঙ্গী শিবনারায়ন চন্দরপল ব্যাট করছেন ৫১ রানে। ৩ উইকেটে ৪০৭ রান নিয়ে দ্বিতীয় দিনটা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।