বৃষ্টি মাথায় অস্ট্রেলিয়ার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কখনো আসেননি প্যাট কামিন্স। তবে টেলিভিশনে খেলা দেখে, অন্যদের মুখে শুনে বাংলাদেশের উইকেট সম্পর্কে একটা ধারণা তো হয়েছেই। গত মার্চে ভারত সফরের অভিজ্ঞতাও কাজে আসছে। সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের মনে হচ্ছে, বাংলাদেশ সফরের প্রস্তুতিটা ‘বাংলাদেশের উইকেটে’ই হচ্ছে!

হেঁয়ালি মনে হচ্ছে? বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দুটি টেস্ট ঢাকা ও চট্টগ্রামে। আর অস্ট্রেলিয়ার প্রস্তুতি চলছে ডারউইনে। মারারা ওভাল মাঠে স্টিভ স্মিথ একাদশ ও ডেভিড ওয়ার্নার একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে সেই প্রস্তুতি। এর আগেও অনেকে বলেছেন। এই ম্যাচের দ্বিতীয় দিন শেষেও কামিন্স মারারা ওভালের উইকেটের সঙ্গে বাংলাদেশের উইকেটের মিল খুঁজে পাওয়ার কথা জানালেন।

একটু ধীরগতির উইকেট, বল পুরোনো হলেই রিভার্স সুইং করছে—কামিন্সের বর্ণনা অনুযায়ী ডারউইন যেন ঢাকা বা চট্টগ্রাম! অবশ্যই এটা হঠাৎ করে হয়ে যায়নি। বাংলাদেশ সফরের প্রস্তুতি নিতে অনেক চেষ্টাচরিত্র করেই বানানো হয়েছে এমন উইকেট। স্টিভ স্মিথ যে কামিন্সের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলের অফ স্পিন দিয়ে বোলিং শুরু করালেন, সেখানেও তো বাংলাদেশ! বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের বোলিং শুরু করা নিয়ে নিশ্চয়ই চর্চা হয়েছে অস্ট্রেলিয়া দলে। সেটি শুধু চমকেই সীমাবদ্ধ থাকেনি, সেই সিরিজে দুনিয়া-কাঁপানো আবির্ভাবও হয়েছে মিরাজের।

প্রশ্ন হচ্ছে, ডারউইনে খেলে আসা এই ম্যাচটিই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার সর্বশেষ প্রস্তুতি ম্যাচ হয়ে থাকবে না তো? স্টিভ স্মিথের দল বাংলাদেশে আসছে আগামী পরশু শুক্রবার। ২২ ও ২৩ আগস্ট দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ আছে সফরসূচিতে। কিন্তু ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা এবং বাংলাদেশে এবারের দীর্ঘস্থায়ী বর্ষা মিলিয়ে সেই ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে এখনো ঘোর সংশয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আগামী কয়েক দিন বৃষ্টি না হলে ফতুল্লা স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবে বলে আশাবাদের কথা জানালেন। কিন্তু যদি বৃষ্টি হয়! তাহলে কী হবে, তিনিও তা জানেন না। তবে এটা জানেন, ভ্রমণক্লান্তির কথা ভেবে বিকেএসপিতে না যাওয়ার সিদ্ধান্তে অস্ট্রেলিয়া অটল। মাঝখানে বিকল্প হিসেবে সিলেটের কথা শোনা গিয়েছিল, অস্ট্রেলিয়া সেটিও নাকচ করে দিয়েছে।

প্রস্তুতির ব্যাপারে অস্ট্রেলিয়া যেমন খুঁতখুঁতে, তাতে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি না হলে নির্ঘাত এ নিয়ে স্মিথদের অনুযোগের শেষ থাকবে না। বাংলাদেশের বর্ষাকাল এবার শেষ না হওয়ার যে প্রতিজ্ঞা করেছে, তাতে বাংলাদেশের আগামী কয়েক দিনের প্রস্তুতি নিয়েও শঙ্কা আছে। চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচটির শেষ দিন ভেসে গেছে বৃষ্টিতে। তবে এর আগের কয়েক দিন আবহাওয়া ভালো ছিল। সেই সময়ে যে প্রস্তুতিটা হয়েছে, তাতে খুব খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। চট্টগ্রামে যাওয়ার সিদ্ধান্তটা তাই ‘দারুণ’ বলে স্বীকৃতি পাচ্ছে তাঁর কাছে।

প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে আজ ও আগামীকাল ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করে অনুশীলন করবেন মুশফিকুররা। মিনহাজুলের সঙ্গে কথা বলে যতটুকু বোঝা গেল, এটা ঠিক প্রস্তুতি ম্যাচ হবে না। কল্পিত কোনো ম্যাচ-পরিস্থিতিতে কীভাবে ব্যাটিং বা বোলিং করতে হবে, হবে সেটির অনুশীলন। যেমন নির্দিষ্ট কোনো ফিল্ডিং সাজিয়ে বোলাররা বোলিং করবেন। লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানরা হয়তো ব্যাটিং করবেন পুরোনো বলে। মাঝখানে এক দিন বিরতি দিয়ে আগামী ১৯ ও ২০ আগস্ট আবারও এমন অনুশীলন হওয়ার কথা। তত দিনে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দল জানা হয়ে যাবে সবার। মিনহাজুলের নির্বাচক কমিটি আজই বসছে দল নির্বাচন করতে। আগামীকাল বোর্ড সভাপতির অনুমোদনের জন্য দল জমা দিয়ে দেবেন বলে জানালেন মিনহাজুল। যেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ১৯ তারিখ সংবাদ সম্মেলন করে।

আগের দিন ঢাকায় পা রাখার পর অস্ট্রেলিয়া দলেরও সেদিন মিরপুরে প্রথম সংবাদ সম্মেলন করার কথা। তাতে অধিনায়ক স্টিভ স্মিথ ও কোচ ড্যারেন লেম্যান থাকবেন বলে আপাতত ঠিক হয়ে আছে। অস্ট্রেলিয়া সিরিজের রণডঙ্কাও সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে বাজতে শুরু করবে।