বৃষ্টি মাথায় ক্রাইস্টচার্চে মাশরাফিরা

সিডনিতে কন্ডিশনিং ক্যাম্প শেষে ওয়াঙ্গারেই। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলে আজ ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। এখানেই শুরু হবে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের আসল লড়াই। ওয়াঙ্গারেই থেকে বাস-বিমান মিলিয়ে প্রায় পাঁচ ঘণ্টার যাত্রা শেষে প্রথম ওয়ানডের ভেন্যু ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। আর এখানে নেমেই নিউজিল্যান্ডের ‘আসল’ কন্ডিশনের সঙ্গে পরিচয় হয়েছে মাশরাফিদের। ঠান্ডা আবহাওয়ার সঙ্গে বৃষ্টি।

ওয়াঙ্গারেইতে বাঙালির বাস খুব একটা নেই। তবে ক্রাইস্টচার্চে অনেক ‘দেশি’ মানুষের দেখা পেয়েছেন খেলোয়াড়েরা। বিমানবন্দরেই মাশরাফি-সাকিবদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে সমর্থন দিতে অনেক দর্শকের দেখাও মিলবে নিশ্চয়ই।

বাংলাদেশ দল উঠেছে রিজেস ল্যাটিমার হোটেলে। মাঠ থেকে হোটেলের দূরত্ব ৩-৪ কিলোমিটার। দলের এক সূত্র জানায়, আজ নিজেদের মতো সময় কাটিয়েছেন খেলোয়াড়েরা। হ্যাগলি ওভালে কাল সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করবেন তাঁরা।