বৃষ্টি ম্যাচ নিল দ্বিতীয় দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালের ক্রিকেট চলে এসেছে বর্ষাকালে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ মাঠে গড়ানোই এখন দায়। তাকিয়ে থাকতে হচ্ছে আবহাওয়ার মেজাজ-মর্জির ওপর।
কালই যেমন ফতুল্লায় মোহামেডান-সিসিএস ম্যাচে সারা দিনে খেলা হতে পারল মাত্র ২৭.১ ওভার। অঝোর বৃষ্টিতে ২৫ ওভারে নেমে আসা ম্যাচটি শেষ করতে আজ আবার মাঠে নামতে হচ্ছে দুই দলকে।
ডাকওয়ার্থ ও লুইস সাহেবের হিসাব-নিকাশে জিততে ২৫ ওভারে মোহামেডানকে করতে হবে ১৪৯ রান। দলটি এজাজ আহমেদের বিশাল দুই ছক্কায় ২.২ ওভারে ১৩ রান তুলতেই দ্বিতীয় দফা বৃষ্টির আগমন। দিনের খেলা শেষ এখানেই।
ম্যাচ শুরুই হয়েছিল মাথার ওপরে মেঘের ঘনঘটা নিয়ে। আকাশ ভেঙে বৃষ্টি নামে টস হেরে ব্যাটিং পাওয়া সিসিএসের ইনিংসের নবম ওভারে। ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের রান তখন ৩৪। প্রায় সাড়ে চার ঘণ্টার বৃষ্টিবিরতির পর বেলা ২টায় দুই দল আবার যখন মাঠে নামল, ম্যাচের আয়ু ক্ষয়ে গেছে অর্ধেক।
রানের গতি বাড়াতে মরিয়া সিসিএস এরপর টপাটপ উইকেট হারিয়ে ২৪.৫ ওভারেই অলআউট ১৪৯ রানে। সালমান হোসেন (৫২ বলে ৫৮), অমিত মজুমদার (২১ বলে ২৪) ও উত্তম সরকার (১৭ বলে ২৩*) ছাড়া অন্যরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ায়।