বৃষ্টিই কেবল বাঁচাতে পারে ওয়েস্ট ইন্ডিজকে

ক্যারিবীয়দের কাছ থেকে কিছুটা পাল্টা প্রতিরোধ মিলল জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে। কিন্তু বৃষ্টির কারণে সংক্ষেপিত হয়ে পড়া তৃতীয় দিনটা পুরোপুরি নিজের করে নিয়েছেন অজিঙ্কা রাহানে। তাঁর দারুণ এক সেঞ্চুরির কল্যাণেই ৯ উইকেটে ৫০০ রান তুলে ইনিংস ঘোষণা করে দিল ভারত। ১০৮ রানে অপরাজিত ছিলেন রাহানে।
দ্বিতীয় দিনের শেষ বিকেলে ৪২ রানে অপরাজিত ছিলেন রাহানে। সঙ্গে ছিলেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমানও ভালো করেছেন। ৪৭ রানে আউট হয়ে অল্পের জন্য ফিফটি পাননি। দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মোটামুটি ভালো বোলিং রান তোলায় কিছুটা হলেও বাধা সৃষ্টি করেছিল। প্রথম সেশনে মাত্র ৬৭ রান তোলেন রাহানে ও ঋদ্ধিমান। এ কারণেই ইনিংস ঘোষণাও এসেছে দেরিতে।
বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত খেলা হলো মাত্র ২৬.৪ ওভার । মধ্যাহ্ন বিরতির পরপরই নিজের সেঞ্চুরিটা করে ফেলেন রাহানে। শেষের দিকে অমিত মিশ্র ২১ ও উমেশ যাদবের ১৯ রান ভারতের সংগ্রহকে ৫০০ পার করিয়ে দেয়। লিডটাও ততক্ষণে বেশ স্ফীত—৩০৪। সংগ্রহটাও স্যাবাইনা পার্কে ষষ্ঠ বৃহত্তম। মজার ব্যাপার হচ্ছে, ১৫৮ রান করা লোকেশ রাহুলের ইনিংসটিও টেস্টে ভারতীয় ওপেনারদের মধ্যে ষষ্ঠ বৃহত্তম।
ওয়েস্ট ইন্ডিজ এরই মধ্যে বিশাল লিডে চাপা পড়েছে। তবে একটা আশার খবর আছে। আজ চতুর্থ দিনে শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝড়ও হতে পারে। বৃষ্টির সহায়তা ছাড়া ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ বাঁচাতে পারবে বলে তো মনে হচ্ছে না।
ক্যারিবীয়দের পক্ষে ১২১ রানে ৫ উইকেট নিয়েছেন রোস্টন চেজ। সূত্র: এএফপি।