কাল বৃষ্টি খেয়ে নিয়েছে হ্যামিল্টন টেস্টের পুরো পঞ্চম দিন। যাতে চোখের সামনে দেখা দিয়েও দূরে মিলিয়ে গেল নিউজিল্যান্ডের সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন। তিন ম্যাচের সিরিজটা দক্ষিণ আফ্রিকা জিতে গেল ১-০ ব্যবধানে। আর ৩ লাখ মার্কিন ডলার আর্থিক ক্ষতি হলো অস্ট্রেলিয়ার।
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজে অস্ট্রেলিয়া এল কোথা থেকে? ভারতের কাছে টেস্ট সিরিজ হারা অস্ট্রেলিয়াকে দৃশ্যপটে এনেছে আইসিসির টেস্ট র্যা ঙ্কিং। নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজটা ড্র হলে র্যা ঙ্কিংয়ে দুইয়েই থাকত অস্ট্রেলিয়া। কিন্তু সিরিজ জিতে যাওয়ায় স্টিভেন স্মিথদের তিনে ঠেলে দুইয়ে উঠে গেছে প্রোটিয়ারা। আর তাতেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কোষাগারে অতিরিক্ত ৩ লাখ ডলার জমা পড়ল, আর ক্ষতি হলো অস্ট্রেলিয়ার।
১ এপ্রিল পর্যন্ত টেস্ট র্যা ঙ্কিংয়ে দুই নম্বরে থাকলে ৫ লাখ ডলার পেত অস্ট্রেলিয়া। যে টাকাটা এখন পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর তিনে নেমে যাওয়ায় অস্ট্রেলিয়া এখন পাবে ২ লাখ ডলার। অস্ট্রেলিয়াকে হারিয়ে শীর্ষস্থানে আরও জেঁকে বসা ভারত পাবে ১০ লাখ ডলার। ভারতের পয়েন্ট ১২২, দক্ষিণ আফ্রিকার ১০৯, অস্ট্রেলিয়ার ১০৮। সিরিজ হেরে পাঁচ থেকে ছয়ে নেমে গেছে নিউজিল্যান্ড।
বৃষ্টি এসে যে কী উপকার করেছে দক্ষিণ আফ্রিকার, তা পরিষ্কার অধিনায়ক ফাফ ডু প্লেসির কথাতেই। নিজেদের খুব ভাগ্যবান ভাবছেন প্রোটিয়া অধিনায়ক, ‘এই ম্যাচে নিউজিল্যান্ড আমাদের দাঁড়াতেই দেয়নি। ওরা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। বৃষ্টিটা খুব অসময়ে এল ওদের জন্য। এটা বলা মোটেও অযৌক্তিক হবে না, বৃষ্টিই আমাদের বাঁচিয়েছে।’
মঙ্গলবার মাঝরাত থেকে গতকাল দুপুর পর্যন্ত সেডন পার্কে ৩২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। সন্ধ্যার আগেই পূর্বাভাস ছিল আরও ১৭ মিলিমিটার বৃষ্টিপাতের। স্থানীয় সময় বেলা ১টা ২০ মিনিটেই তাই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রড টাকার। আইসিসি, ক্রিকইনফো।