
প্রথম দুই দিনও বৃষ্টির বাধা ছিল। তবে খেলা একেবারে ভেসে যায়নি কোথাও। কিন্তু কাল তৃতীয় দিনে জাতীয় লিগের চার ভেন্যুর খেলাই পন্ড করে দিল বৃষ্টি। কোথাও একটি বলও গড়ায়নি। দুপুরের পর সব ভেন্যুতে একে একে বাতিল হয়ে যায় দিনের খেলা।
আজ শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে সব ভেন্যুতে। সে ক্ষেত্রে প্রথম পর্বের চার ম্যাচই হয়তো শেষ হবে অমীমাংসিতভাবে। তবে আজ শেষ দিনে খেলা হলে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অঙ্কের হিসাবে হলেও ফলাফলের একটা সম্ভাবনা থাকবে। বরিশালের দেওয়া ৩৭০ রানের লক্ষ্যের সামনে দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৫ রান করেছিল রাজশাহী। জয়ের জন্য প্রয়োজন আরও ৩৪৫।
আর ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ড্রয়ের ৩ পয়েন্টের সঙ্গে বাড়তি একটি বোনাস পয়েন্ট পাবে বরিশাল। দুই দলেরই প্রথম ইনিংস শেষ হওয়ায় অন্যান্য বোনাস পয়েন্টও পাবে বরিশাল ও রাজশাহী।
তবে অন্য তিন ম্যাচই অবশ্য প্রথম তিন দিনে বোনাস পয়েন্টের পর্যায়ে আসেনি। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী দুই দলের প্রথম ইনিংস শেষ না হলে কোনো বোনাস পয়েন্ট নেই। বগুড়া, ফতুল্লা, রাজশাহী—গত তিন দিনে কোথাওই শেষ হয়নি প্রথম ইনিংসের পুরো খেলা। ফতুল্লায় তো একটি ইনিংসই শেষ হয়নি।