বৃষ্টিতে সবচেয়ে ক্ষতি তো মুমিনুলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হওয়ার হতাশা নিয়ে ফিরছেন মুমিনুল। হলো না বিশ্ব রেকর্ড। ছবি:এএফপি
আউট হওয়ার হতাশা নিয়ে ফিরছেন মুমিনুল। হলো না বিশ্ব রেকর্ড। ছবি:এএফপি

বৃষ্টিতে কার লাভ, কার লোকসান—দুই দলের সমর্থকদের মধ্যে এই চাপান-উতোর চলছেই। দল হিসেবে কে লাভবান হলো, কার ক্ষতি, সে হিসাব দূরে ঠেলে রেখে এটা নিঃসন্দেহে বলা যায়, খেলোয়াড় হিসেবে সবচেয়ে বড় ক্ষতিটা হলো মুমিনুল হকের!
ভালোই খেলছিলেন। একটা করে​ রান নামের পাশে যোগ হচ্ছিল, আর একটু করে দূরত্ব কমছিল বিশ্ব রেকর্ডটার। ত্রিশের ঘরে যখন পৌঁছে গেলেন, অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা তো লেখা শুরু করে দিয়েছেন। তাড়াতাড়ি পাঠাতে হবে যে। কিন্তু ওই ৩০-এই আউট মুমিনুল! টানা ১২ টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা আর হলো না। হলো না এবি ডি ভিলিয়ার্সের অনন্য রেকর্ডটি ছোঁয়ার। দুই বছর পর টেস্ট দলে ফেরা হরভজন সিংয়ের বলেই ফট করে আকাশে তুলে দিলেন। মুমিনুল সাধারণত মাটিতেই খেলেন। আজ কেন অমন বেহিসাবি শট খেললেন! মুমিনুল নিশ্চয়ই জানতেন, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। একটাই সুযোগ পাবেন। কিন্তু সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল।
রেকর্ড-টেকর্ড নিয়ে আশ্চর্য নির্লিপ্ততা তাঁর মধ্যে। কেমন জানি একটা দার্শনিক দার্শনিক ভাব। বয়সের তুলনায় বড্ড গম্ভীর। রেকর্ডটা ফসকে যাওয়ায় তাঁর প্রতিক্রিয়া কী হবে, সেটা জানাই। তবে সেই ‘জানা’ প্রতিক্রিয়াটাও আপাতত জানা গেল না। সংবাদ সম্মেলনে এলেন তামিম ইকবাল। আজই রেকর্ড করা তামিম অবশ্য বললেন, নিজের রেকর্ড হওয়ার চেয়ে তাঁর বেশি কষ্ট হচ্ছে মুমিনুলের জন্যই, ‘ব্যক্তিগতভাবে আমি অবশ্যই হতাশ। ও খুব একটা হতাশা কিনা জানি না। কারণ, যদ্দুর জানি সে রেকর্ড-টেকর্ড নিয়ে খুব একটা ভাবে না। তবে আমি খুব করে চাচ্ছিলাম, অন্তত ফিফটি করুক। ১১ ম্যাচ পরে এমনই এক টেস্টে ৫০-এর আগে আউট হলো, যেটিতে চার দিনের খেলাই হয়েছে ১২০ ওভারের মতো! বাংলাদেশের কেউ এমন রেকর্ড গড়তে পারলে, কার না ভালো লাগে!’
ক্রিকেট ব্যাকরণের হিসাবে মুমিনুলের সুযোগ এখনো আছে। যদি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট পায়। আগামীকাল শেষ দিনে মুমিনুল নিজেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করার ইচ্ছা পোষণ করবেন না। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার মানে যে প্রথম ইনিংসে ভয়াবহ কিছু ঘটে যাওয়া। হোক না বিশ্ব রেকর্ড, সবার আগে তো দল। তামিমও হেসে বললেন, ‘দ্বিতীয় ইনিংস আছে ঠিকই। তবে কাল আমাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হলে তো বড় বিপদেই পড়ে যাব!’
মুমিনুলের রেকর্ড না হলেও তামিম আজ বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের মালিক হয়েছেন। টেস্ট-ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ সব রেকর্ডই এখন তাঁর। সর্বোচ্চ রান, সর্বোচ্চ ইনিংস, সর্বোচ্চ সেঞ্চুরি। যাঁর রেকর্ড ভাঙলেন, সেই হাবিবুল বাশার সাজঘরে এসে অভিনন্দন জানিয়ে গেছেন। সকালে হাবিবুল বলছিলেন, ‘টেস্টে তামিমের ১০ হাজার রান দেখতে চাই।’
২৬ বছর বয়সী তামিম অবশ্য ১০ হাজার রানের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বোঝালেন। বাংলাদেশ বছরে যে পরিমাণ টেস্ট খেলে তাতে এটা এভারেস্ট বিজয়ের সমতুল্য, ‘এটা করা আসলেই কঠিন। বছরে গড়ে আমরা তিন-চারটা টেস্ট খেলি। আগামী দশ বছরে সব ঠিক থাকলে হয়তো ৪০টার মতো টেস্ট খেলতে পারব। যদি বছরে সাত-আটটা টেস্ট খেলতে পারি, তাহলে হয়তো সম্ভব হতে পারে। তবে এটা নির্ভর করছে আমার ফিটনেস, ফর্ম ও অন্যান্য বিষয়ের ওপর। তবে এখন আমরা যেভাবে খেলছি অর্থাৎ বছরে তিন-চারটা টেস্ট খেলে এটা করা কঠিনই। আমাদের আরও বেশি টেস্ট খেলা দরকার।’
এক অ্যাশেজেই হয় পাঁচ টেস্টের সিরিজও। বাংলাদেশের এমনও বছর গেছে, বছরে পাঁচটি টেস্টও খেলার সুযোগ মেলেনি। বাংলাদেশ যে কত কম টেস্ট খেলে এখান থেকেও বোঝা যায়। ভারতের সঙ্গে সাড়ে পাঁচ বছর পর হচ্ছে এই ম্যাচ। সেটিও বৃষ্টিতে ভেসে একাকার।

ওয়ানডের রেকর্ডটা কদিন আগে গড়েছেন। আজ টেস্টেও বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তামিম। ছবি: শামসুল হক
ওয়ানডের রেকর্ডটা কদিন আগে গড়েছেন। আজ টেস্টেও বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তামিম। ছবি: শামসুল হক

ম্যাচের যে অবস্থা তাতে বড় ধরনের নাটকীয়তা না হলে ড্র-ই ভবিতব্য। আজও বৃষ্টি খেলা হতে দেয়নি পুরোপুরি। তবে ৩০ ওভারেই ৩ উইকেট পড়ে গিয়েছে বাংলাদেশের। দ্রুত উইকেট পতনে শঙ্কার মৃদু স্রোত কাজ করছে অনেকের মনে। তামিম তাকিয়ে সাকিব-ইমরুলের দিকে, ‘কাল যদি আবহাওয়া ভালো থাকে... সাকিব-ইমরুল আছে উইকেটে। দুজনের বড় ইনিংস খেলার সম্ভাবনা আছে। বড় ইনিংস পেলে সেটা ওয়ানডে সিরিজের জন্য আলাদা আত্মবিশ্বাস দেবে। ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। কাল সকালে যদি ওরা দ্রুত আমাদের তিন-চারটা উইকেট নিয়ে নেয়, পরিস্থিতি অন্যরকম হয়েও যেতে পারে। আমাদের খুব ভালো পার্টনারশিপ হলেই ব্যাপারটা সহজ হয়ে যাবে।’
২০০০ সালে বাংলাদেশের টেস্ট অভিষেকে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। সেই ভারত গত ১৫ বছরে একবারও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ডাকেনি বাংলাদেশকে। আন্তর্জাতিক ক্রিকেটে আট বছর হয়ে গেলেও কখনো ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা হয়নি তামিমের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক ভারতের মাটিতে খেলতে মুখিয়েই আছেন, ‘এটা নির্ভর করছে বিসিসিআই ও আইসিসির ওপর। আমার তো মনে হয় বিসিবি সব সময় চায় ভারতে গিয়ে খেলতে। খেলোয়াড়েরাও চাই ভারতের মাটিতে সিরিজ খেলতে। গত ১৫ বছরে তাদের মাটিতে টেস্ট খেলা হয়নি। বিষয়টা নির্ভর করছে তাদের ওপর। এটা আমাদের হাতে নেই।’