বৃষ্টিতেই ভেসে গেল স্বপ্ন

এক টেস্টের ব্যবধানেই কেমন বদলে গেল চিত্রটা! গত মাসে হওয়া ফতুল্লা টেস্টের কথা মনে আছে নিশ্চয়ই। বৃষ্টির সৌজন্যে ভারতের বিপক্ষে ড্র পেয়েছিল বাংলাদেশ। সেই বৃষ্টিই এবার চট্টগ্রামে শত্রুর ভূমিকায়। বৃষ্টিতে ড্র হওয়া টেস্ট শেষে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের গলায়ও বড় কিছু হাতছাড়া হয়ে যাওয়ার হতাশা।
‘টেস্টের ১ নম্বর দলের সঙ্গে লিড নেওয়াটা আমাদের জন্য ইতিবাচক ছিল। খেলা হলে ফলাফল ভিন্নও হতে পারত’—ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সেই ‘ভিন্ন’ কিছু জয় হলেও অবাক হতেন না তিনি। টেস্টের সেরা দলের বিপক্ষে ৭৮ রানের লিডই দিচ্ছে আত্মবিশ্বাস, ‘১ নম্বর টেস্ট দলের বিপক্ষে ৮০ রানের মতো লিড নেওয়ার পর জয়ের কথা ভাবাটা খুব স্বাভাবিক। দ্বিতীয় ইনিংসের প্রথম এক ঘণ্টা আমাদের বোলিং ভালো হয়নি। দুই-একটা উইকেট নিতে পারলে চাপটা পুরোপুরি ওদের ওপর থাকত।’ এর আগে খেলা নিজের ৪৬টি টেস্টের দিকে ফিরে তাকিয়ে আফসোস আরও বাড়ছে মুশফিকের, ‘আমি যতগুলো টেস্ট খেলেছি এমন ভালো সুযোগ পাইনি। আমরা খুবই রোমাঞ্চিত ছিলাম।’
শেষ পর্যন্ত বৃষ্টিই টেস্টের নিয়ন্তা হওয়ায় ভাগ্যকে মেনে না নিয়ে উপায় নেই। মুশফিকও সেই বাস্তবতায় ঢুকে পড়েছেন পরক্ষণেই। কী পেতে পারতেন তা নিয়ে না ভেবে, কী পেলেন সেটাই গুনে গুনে দেখছেন এখন। মাইক্রোফোনের সামনে বলছিলেন, ‘ড্র টেস্ট থেকেও ইতিবাচক কিছু জিনিস আমরা সংগ্রহ করতে পারি। এসব সামনের টেস্টে কাজে দেবে।’
মুশফিকের প্রাপ্তির তালিকায় ওপরের দিকে আছে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ করা ও তাদের কম রানে অলআউট করে প্রথম ইনিংসে লিড নেওয়া। এ ছাড়া দলের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছে, তরুণেরাও সিনিয়রদের সঙ্গে ভালো খেলেছে। সব মিলিয়ে দলগত পারফরম্যান্স হয়েছে। এটাকেও দেখছেন ইতিবাচক দৃষ্টিতে।
বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টটা এগিয়ে থেকে শেষ করার দাবি প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলারও। যদিও মুশফিক এটাকে একান্তই আমলার নিজস্ব মত মনে করছেন। তাঁর দৃষ্টিতে এগিয়ে আসলে বাংলাদেশই ছিল এবং টেস্টটা পুরো না হওয়ায় ক্ষতি যা হওয়ার তাদেরই হয়েছে। কিন্তু তিন দিনের খেলায় আর কোনো অপ্রাপ্তি কি নেই বাংলাদেশের? কোনো জায়গায় উন্নতির সুযোগ কি দেখছেন না অধিনায়ক?
দেখছেন, কিন্তু খুব বড় মনে করছেন না সমস্যাগুলোকে। প্রথম ইনিংসে আরও দ্রুত উইকেট নিতে পারলে ভালো হতো স্বীকার করেও যেমন তৃপ্ত মুশফিক, ‘যেটা হয়েছে সেটাও অনেক। ফ্ল্যাট উইকেটে দ্রুত উইকেট নেওয়া কঠিন। এই টেস্টে বেশির ভাগ দিকই ভালো হয়েছে।’ তবে সেট হয়েও ব্যাটসম্যানদের আউট হয়ে যাওয়া, বড় জুটি আর ইনিংস না হওয়া—এসব জায়গায় কিছুটা উন্নতির প্রয়োজন দেখছেন অধিনায়ক।
ওয়ানডের পর টেস্ট অভিষেকেও চমক হয়ে এসেছে মুস্তাফিজুর রহমানের বোলিং। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে তার স্বীকৃতিও পেয়েছেন। অধিনায়কও তাঁকে ভিজিয়েছেন প্রশংসা-বৃষ্টিতে, ‘মুস্তাফিজকে নিয়ে আমি আশাবাদী। খুব দ্রুত শিখছে। এখনই বুঝে গেছে টেস্টে উইকেট পেতে হলে ধারাবাহিকভাবে ভালো বল করতে হবে।’ প্রথম ইনিংসে মুস্তাফিজের সেই বিধ্বংসী স্পেল এখনো আটকে আছে মুশফিকের চোখে, ‘আমার মনে হয় না বাংলাদেশের কোনো বোলার বা বিশ্বেরই কোনো বোলার এমন ফ্ল্যাট উইকেটে ওরকম বল কখনো করেছে।’
অধিনায়কের প্রশংসা আরেক পেসার মোহাম্মদ শহীদের জন্যও, ‘বাংলাদেশ দল খুবই ভাগ্যবান, একসঙ্গে কয়েকজন ম্যাচজয়ী বোলার পেয়েছে। মুস্তাফিজ, শহীদ এমনই দুজন। শহীদ যে কয়েকটা টেস্ট খেলেছে, অসাধারণ খেলেছে।’
কিন্তু ব্যাটসম্যান হিসেবে মুশফিকেরও তো কিছু দায়িত্ব আছে দলের প্রতি! সেটা কি তিনি পালন করতে পারছেন? এই প্রশ্নে কাল অধিনায়ক নিজেও মুচকি হাসলেন, যে হাসিতে বেদনার অনুভূতিই মিশে থাকল বেশি। টেস্টে গত ১১ ইনিংসে একটিও ফিফটি নেই। ওয়ানডেতে সম্ভাবনা জাগিয়েও খেলতে পারছেন না বড় ইনিংস। এই হতাশা যে তাঁকেও কুরে কুরে খাচ্ছে সেটা প্রকাশ পেল মুশফিকের কথাতেও, ‘সর্বশেষ কয়েকটি ইনিংস আমার নিজেরও ভালো লাগেনি। এটা একটু হতাশাজনক। ব্যাটে বল না লাগলে ভিন্ন কিছু চিন্তা করতাম। আল্লাহর রহমতে আমি ভালোই খেলছি। কিন্তু ইনিংস বড় করতে পারছি না।’
লিটন দাস উইকেট কিপিং করায় মুশফিক এখন শুধু ব্যাটসম্যান। রানে ফেরাটাকে আরও বেশি জরুরি মনে করছেন সে কারণেই। ব্যাট হাতে মুশফিকের কাঙ্ক্ষিত সেই প্রত্যাবর্তন ঢাকা টেস্টে হয়ে গেলেই ভালো। বাংলাদেশ দলও তখন আশা করতে পারবে, এই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে শূন্য হাতে ফেরানোর।