বৃষ্টিবন্দী ফতুল্লা টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল থেকে মুষলধারে বৃষ্টি। সেটা দুপুরেই থেমে গেলেও মাঠ খেলার উপযোগী হয়ে ওঠেনি। ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনে তাই উইকেট থাকল ঢাকা। বল গড়ায়নি একটিও l প্রথম আলো
সকাল থেকে মুষলধারে বৃষ্টি। সেটা দুপুরেই থেমে গেলেও মাঠ খেলার উপযোগী হয়ে ওঠেনি। ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনে তাই উইকেট থাকল ঢাকা। বল গড়ায়নি একটিও l প্রথম আলো

মাঠে আর আসতে হলো না। হোটেলেই ‘বন্দী জীবন’ কাটাল দুই দল। ফতুল্লা টেস্টে যাঁরা খেলছেন না, তাঁদের দু-একজন গেলেন জিমে। খেলা হওয়ার সম্ভাবনা কম ছিল বলে বৃষ্টির দিনটাতে বেশির ভাগ খেলোয়াড়ই রুমে সময় কাটিয়েছেন। দুই দলের খেলোয়াড়দের মধ্যেও খুব একটা দেখা-সাক্ষাৎ হয়নি। তবে হোটেলে থেকেও সবাই খোঁজখবর নিচ্ছিলেন ফতুল্লা স্টেডিয়ামের। কী অবস্থা মাঠের? বৃষ্টি কি থেমেছে? কখন ডাক আসবে মাঠে যাওয়ার? খেলা শুরু হওয়ার সম্ভাবনা কতটা?
অপেক্ষার অবসান হলো দুপুর ১টা ৪৫ মিনিটে। বৃষ্টি ততক্ষণে অনেকটাই থেমে গেলেও আকাশ ছিল মেঘলা। দিনের বাকি সময়ে মাঠ শুকিয়ে খেলা শুরু করা সম্ভব হতো না। আম্পায়ার দ্বিতীয়বারের মতো মাঠ পর্যবেক্ষণ করে জানিয়ে দিলেন, দ্বিতীয় দিনের খেলা এখানেই পরিত্যক্ত। খেলোয়াড়দেরও আর আসা হলো না মাঠে। ভারতের স্কোর তাই আটকে থাকল প্রথম দিনে করা বিনা উইকেটে ২৩৯-এ। আজ তৃতীয় দিনে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
বিকেল ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময় ফতুল্লা স্টেডিয়ামের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে আসছিল। উইকেট থেকে কাভার সরিয়ে নিচ্ছিলেন মাঠকর্মীরা। এ রকম আবহাওয়া দুপুরের দিকে থাকলেও হয়তো কিছু খেলা হতে পারত। অবশ্য সকাল থেকে আকাশের অবস্থা যে রকম ছিল, মনেই হচ্ছিল এদিন খেলা হওয়ার সম্ভাবনা কম। আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মাঝে মাঝে দমকা হাওয়া। তাতে স্টেডিয়ামের পূর্ব গ্যালারির শামিয়ানা ভেঙে পড়ল বাঁশের কাঠামোসহ। করপোরেট বক্স আর প্রেসবক্সে ঢুকে পড়ল বৃষ্টির পানি। দ্বিতীয় দিনের খেলা না হলেও গত দুই দিনের বৃষ্টিতে পরিষ্কার হয়ে গেল ফতুল্লা স্টেডিয়ামের স্থাপনাগুলো কতটা গোঁজামিলে তৈরি। প্রেসবক্সের এসি থেকে পানি পড়ছে প্রথম দিন থেকেই। কাল বৃষ্টির পানিও ঢুকে পড়ল অনেক জায়গা দিয়ে। টানা বৃষ্টির কারণে সুপার সপার চালিয়ে মাঠের পানি সরানোর সুযোগ হয়নি। তবে পরিচ্ছন্নতাকর্মীরা বলতে গেলে সারা দিনই ব্যস্ত থাকলেন প্রেসবক্স ভবনের বিভিন্ন জায়গার পানিনিষ্কাশনে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা আছে আজ এবং আগামীকালও। সেটার মাত্রা যদি গতকালের মতোই হয়, ফতুল্লা টেস্টের ভাগ্যে ড্র-ই লেখা আছে নিশ্চিত। বাংলাদেশ দলের জন্য সেটা আশীর্বাদ হলেও ভারতের জন্য নয়। জয়ের পাল্লা যে তাদের দিকেই ঝুঁকে আছে বেশি! বৃষ্টির কারণে সেই সম্ভাবনা ক্রমেই কমে আসায় জুন মাসে খেলা হওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ভারতীয় মিডিয়া। যদিও আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) নতুন নিয়মে দ্বিপক্ষীয় সিরিজগুলোর সময়সূচিসহ সবকিছু ঠিক হয় দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতে। জুন মাসে সিরিজ হওয়াটাও বিসিবি-বিসিসিআইয়ের যৌথ সিদ্ধান্তেই।
তা ছাড়া বাংলাদেশে কখন আন্তর্জাতিক ক্রিকেট হবে, সেটা প্রতিপক্ষের অন্যান্য সূচির সঙ্গেও সম্পর্কযুক্ত। ধরুন, নভেম্বরে বাংলাদেশ দলের কোনো খেলা নেই। কিন্তু ওই সময়ে অন্য দলগুলোর ব্যস্ততা থাকলে বিসিবি চাইলেও তখন কোনো দলের সঙ্গে সিরিজ খেলতে পারবে না। আন্তর্জাতিক ক্রিকেটের ছোট সদস্য বাংলাদেশ। নিজেদের খেলার জন্য বড়দের সময় হওয়ার দিকেই তাকিয়ে থাকতে হয় তাদের! চাইলে এটিকে বিসিবির ক্রিকেট কূটনীতির ব্যর্থতা বলে দেওয়া যায়। তবে এটা বাস্তবতা। আর এমনও তো নয় যে বৃষ্টির কারণে এর আগে পৃথিবীর কোথাও কোনো দিন খেলা বাধাগ্রস্ত হয়নি। তাহলে বাংলাদেশের বেলায়ই কেন এত কথা!