বৃষ্টিভাসা দিনে ব্রাফেটের অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রথম দিনেও। তবে তার মধ্যেও খেলা হয়েছিল ৭৫ ওভার। কিন্তু কাল বলতে গেলে পুরো দিনটাই ভেসে গেল সিডনির অঝোর ধারায়। প্রথম সেশনে ৪ ওভার, পরের সেশনে টেনেটুনে ৭.২ ওভার। শেষ সেশনে আর মাঠেই নামা হলো খেলোয়াড়দের। সব মিলিয়ে যে ৬৮ বল খেলা হয়েছে, তাতেই অবশ্য একটা দারুণ অর্জন হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রাফেটের।
আগের দিন ৩৫ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। কাল জেমস প্যাটিনসনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ব্রাফেট ৭১ বলে করেছেন ৬৯। মেলবোর্নে আগের টেস্টেও ৫৯ রান করেছিলেন ২৭ বছর বয়সী এ অলরাউন্ডার। টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে আট নম্বরে বা আটের নিচে নেমে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই হাফ সেঞ্চুরি করলেন ব্রাফেট। তাঁর আগে এই কীর্তিটি ছিল দুই অস্ট্রেলিয়ানের। ১৮৯৫ সালে অ্যালবার্ট ট্রট করেছিলেন প্রথম, ১৯০৭-০৮ মৌসুমে হ্যানসন কার্টার।
ব্রাফেটের উইকেটটা হারিয়ে আগের দিনের ২০৭ রানের সঙ্গে কাল আরও ৪১ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬৯ রানের ইনিংসে ব্রাফেট চার মেরেছেন ৭টি, ছক্কা ৪টি। বৃষ্টি উপেক্ষা করেও সিডনির যে দর্শকেরা ক্রিকেট দেখার অপেক্ষায় বসে ছিলেন তাঁদের কিছুটা বিনোদন দিতে পেরে আনন্দিত ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার, ‘হাফ সেঞ্চুরি করার পর অনেকে দাঁড়িয়ে হাত তালি দিয়েছে। আমিও দারুণ উপভোগ করেছি সবকিছু।’
হোবার্ট আর মেলবোর্নের দাপুটে জয়ে অস্ট্রেলিয়া ফ্রাঙ্ক ওরেল ট্রফিটা নিশ্চিত করে ফেলেছে এরই মধ্যে। সিডনির এই টেস্টটা তাদের জন্য অনেকটাই নিয়মরক্ষার। বৃষ্টি সেটিকে আরও ম্যাড়মেড়ে বানিয়ে দিয়েছে। তবে অস্ট্রেলিয়ান স্পিনার স্টিভেন ও’কিফ এখনো মনে করেন ম্যাচটা জমে উঠতে পারে, ‘আরও তিন দিন বাকি খেলার, প্রায় ৩০০ ওভারের মতো। এখানে অনেক ক্রিকেট বাকি।’ এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮৬.২ ওভারে ২৪৮/৭ (ক্রেগ ব্রাফেট ৮৫, কার্লোন ব্রাফেট ৬৯, ব্রাভো ৩৩, রামদিন ৩০*; প্যাটিনসন ২/৬৭, লায়ন ২/৭৮)।