বৃষ্টিময় আরেকটি দিন এবং জুবায়ের-রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঋদ্ধিমান সাহাকে বোল্ড করার পর জুবায়েরকে অভিনন্দন জানালেন সাকিব আল হাসান। ফতুল্লা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ হাসতে পারল এই দুই স্পিনারের বোলিংয়েই l শামসুল হক
ঋদ্ধিমান সাহাকে বোল্ড করার পর জুবায়েরকে অভিনন্দন জানালেন সাকিব আল হাসান। ফতুল্লা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ হাসতে পারল এই দুই স্পিনারের বোলিংয়েই l শামসুল হক

টেস্ট ক্রিকেট নাকি ধৈর্যের খেলা। তা ফতুল্লা টেস্ট ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বটে। যতটা না ক্রিকেটারদের, তার চেয়ে বেশি বোধ হয় দর্শক আর সাংবাদিকদের!
শুরুতে ‘তৃতীয় দিনের শেষে’ লেখা হলো ঠিকই, তবে ওভারের হিসাবে তো ‘সোয়া দিন’-ও খেলা হয়নি। দ্বিতীয় দিনের পুরোটাই বৃষ্টির পেটে চলে যাওয়ার পর কাল খেলা হলো ৪৭.৩ ওভার। বৃষ্টি বার কয়েক খেলা থামিয়ে দেওয়ার পর বিকেল ৪টা ১০ মিনিটে টেনে দিল দিনের অকাল সমাপ্তিই। প্রথম দিনের ৫৬ ওভার মিলিয়ে এখন পর্যন্ত এই টেস্টের আয়ু মোট ১০৩.৩ ওভার।
আদর্শ টেস্ট ম্যাচের তৃতীয় দিনটিতেই সবচেয়ে বেশি রোমাঞ্চের হাতছানি। যেটির শেষে আভাস মেলে ম্যাচের গতিপথের। জয়-পরাজয়ের সম্ভাবনা নিয়ে কথা হয়। এখানে এই প্রসঙ্গ ওঠার আগেই মিলিয়ে যাচ্ছে হাওয়ায়। বরং বলা ভালো, ভিজিয়ে দিচ্ছে বৃষ্টি। মহানাটকীয় কিছু না হলে ড্র লেখা হয়ে গেছে এই টেস্টের ভাগ্যে।
মহানাটকীয় বাদ দিন, নাটকীয় কিছু হতে হলেও তো খেলা হতে হবে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে শেষ দুই দিনও বৃষ্টির সঙ্গে এমন ‘ইঁদুর-বিড়াল’ খেলাই হওয়ার কথা। আজ তা হলেই শেষ দিনের খেলাটা রীতিমতো অর্থহীন হয়ে দাঁড়াবে। নাকি এখনই তা হয়ে গেছে? ত্রিপলে ঢাকা উইকেট আর অর্ধেক মাঠ—এটাই তো এই টেস্টের প্রচ্ছদ-ছবি!
ম্যাচের বৃহত্তর প্রেক্ষাপটের কথা ভুলে গেলে তৃতীয় দিনে বৃষ্টি যতটুকু খেলা হতে দিল, সেটিকে অবশ্য রোমাঞ্চকরই বলতে হবে। আসল লড়াইটা বৃষ্টির সঙ্গে—এটা বুঝে গিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মন ছিল দ্রুত রান তোলায়। আর তা তুলতে গেলে একটু বাড়তি ঝুঁকি নিতেই হয়। বাংলাদেশ যে ছয়-ছয়টি উইকেট তুলে নিতে পারল, তাতে অবশ্যই এর ভূমিকা আছে। টেস্ট ক্রিকেটে প্রায়ই জোড়ায় জোড়ায় উইকেট পড়ে। এখানে পড়ল তিনটি করে। প্রথম ৩টি উইকেট ২৭ রানে, ২৯ রানে দ্বিতীয় ৩টি। এভাবে উইকেট তুলে নেওয়া গেছে বলেই ভারতের রানের পালে আরও জোর হাওয়া লাগেনি।
টেস্ট ক্রিকেট এমন এক খেলা, ৪৭.৩ ওভারেও যাতে টুকরো টুকরো অনেক ছবি থাকতে পারে। কালও তো যেমন থাকল। শিখর ধাওয়ানকে ফিরতি ক্যাচে ফিরিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভাঙলেন সাকিব আল হাসান। স্কোরবোর্ডে ততক্ষণে ২৮৩ রান। টেস্ট ক্রিকেট এর চেয়ে বড় উদ্বোধনী জুটি দেখেছে মাত্র ১৮টি। ধাওয়ান ফিরে যাওয়ার সময় অবশ্য সেটি আলোচনায় নেই। আলোচনায় সাকিব। দেশের মাটিতে তাঁর শততম উইকেট। বাংলাদেশের পক্ষে টেস্টে ১০০ উইকেটই আছে আর মাত্র একজন বোলারের। দেশের মাটিতে উইকেটের ‘সেঞ্চুরি’তে সাকিব যে প্রথম, এটা তাই না বললেও চলে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। দুই টেস্টে মাত্র ২ উইকেট। এই টেস্টের প্রথম দিনেও তাঁর বোলিং প্রশ্ন জাগাচ্ছিল, ওয়ানডে আর টি-টোয়েন্টি কি সাকিবকে টেস্ট বোলিং ভুলিয়ে দিল নাকি! সাকিবের সবচেয়ে বড় মহিমা, দুঃসময়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফিরে আসার জাদুটা তাঁর জানা। কাল ১৫.৩ ওভারেই ৪ উইকেট তারই আরেকটি প্রমাণ। উইকেট চারটিও কী—শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে!
শিখর ধাওয়ানের পর মুরালি বিজয়ও ১৫০ ছুঁয়েছেন। বিজয় সেটি ছোঁয়ার পরই খেলা থামিয়ে দিল বৃষ্টি। আবার শুরু হওয়ার পর মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট। রাহানে রানরেট বাড়ানোর চেষ্টা করতে গিয়ে নব্বইয়ের ঘরে আত্মাহুতি দিলেন। ভারতীয় ব্যাটসম্যানরা গত দুই বছর ‘নার্ভাস নাইনটিজ’ কথাটাকে সার্থক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। এই সময়কালে রাহানে নড়বড়ে নব্বইয়ের সপ্তম বলি।
সাকিব ৪ উইকেট নিয়েছেন ঠিকই, তবে ‘রোমাঞ্চ’ বলে যে শব্দটা নিয়ে নাড়াচাড়া করা হলো, তাঁর বোলিংয়ের সঙ্গে সেটি যাবে না। কখনোই যায় না। জুবায়ের হোসেনের বোলিংয়ের সঙ্গে খুব যায়। সেটি তিনি লেগ স্পিনার বলেই। রিচি বেনো তো সেই কবেই বলে গেছেন, ভালো একজন ব্যাটসম্যান আর ভালো একজন লেগ স্পিনারের দ্বৈরথ দেখার মতো রোমাঞ্চকর ক্রিকেটে আর কিছু নেই। কথাটা কাল অনেকবারই মনে করিয়ে দিলেন জুবায়ের। সবচেয়ে বেশি ঋদ্ধিমান সাহাকে বোল্ড করে দেওয়া গুগলিটায়। এর আগে বিরাট কোহলিকে বোল্ড করে পাওয়া তাঁর টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে দামি উইকেটটাও এসেছে গুগলিতেই।
একেবারেই বাচ্চা একটা ছেলে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেকই মাত্র গত সেপ্টেম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অমিত প্রতিশ্রুতির প্রমাণ রাখার পরও মাঝখানের সময়টায় তাঁকে নিয়ে ছেলেখেলা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে বলতে গেলে খেলারই সুযোগ মেলেনি। কোচ আর প্রধান নির্বাচকের প্রকাশ্য দ্বন্দ্বে বারবার উঠে এসেছে তাঁর নাম। স্পিন খেলায় ওস্তাদ ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে সেই বিষম চাপও তাই হয়ে দাঁড়িয়েছিল জুবায়েরের প্রতিপক্ষ।
লেগ স্পিন এমনিতেই ক্রিকেটের সবচেয়ে কঠিন শিল্প। এর সঙ্গে ম্যাচ প্র্যাকটিসের অভাব মিলিয়ে খুবই স্বাভাবিক যে, জুবায়ের অনেক আলগা বল দিলেন। তবে এর মধ্যেও এমন কিছু বল করলেন, যা জানিয়ে দিল, শান্তিতে খেলতে দিলে এই জুবায়ের-বাগানে অনেক ফুলই ফুটবে।

তৃতীয় দিনের শেষে
ভারত ১ম ইনিংস: ৪৬২/৬