বৃষ্টির আগে বোলারদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল্লেকেলেতে কাল অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ একটা জায়গাতেই ভাগ্যকে পাশে পাননি। দিন শেষে সেটির জন্য আক্ষেপ দূরে থাক, স্মিথ নিশ্চয় নিজেকে উল্টো সৌভাগ্যবান মনে করছেন। কে জানত, টসে হারটা এমন শাপে বর হয়ে যাবে! প্রথম দিনেই শ্রীলঙ্কা ১১৭ রানে গুটিয়ে যাবে, সেটাই বা ভেবেছিল কয়জন? পরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে তুলেছে ৬৬। বৃষ্টি বাধা না দিলে কালই হয়তো শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রান টপকে যেত অস্ট্রেলিয়া।
অথচ টস জিতে শক্ত উইকেটে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু ম্যাচের পঞ্চম ওভারেই শ্রীলঙ্কা অধিনায়কের মুখ থেকে হাসি উধাও। মিচেল স্টার্কের বলে এলবিডব্লু হয়ে ফিরে গেলেন করুনারত্নে। নভেম্বর থেকে টেস্ট ক্রিকেটের বাইরে স্টার্ক, দীর্ঘ অনুপস্থিতিটা বোলিংয়ে ধার কমিয়েছে বলে মনে হয়নি। অন্য পাশে সঙ্গী জশ হ্যাজলউডই সুইং-গতিতে বেশি ভোগাচ্ছিলেন। সেটির পুরস্কারও পেলেন অস্ট্রেলিয়ান পেসার, দিনের ষষ্ঠ ওভারেই আউট করলেন কুশল মেন্ডিসকে।
লাঞ্চের আগ পর্যন্ত হ্যাজলউডই ভুগিয়ে গেছেন শ্রীলঙ্কাকে। প্রথম স্পেলের শেষ ওভারে আবার আঘাত হেনেছেন, কুশল সিলভাকে ক্যাচ বানিয়েছেন প্রথম স্লিপে। শ্রীলঙ্কা তখন ১৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে। দীনেশ চান্ডিমালকে নিয়ে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ এবার এলেন মঞ্চে, প্রথম স্লিপে ক্যাচ বানালেন ম্যাথুসকে। লাঞ্চের আগে আউট হয়ে গেলেন চান্ডিমালও, ৬৭ রানে শ্রীলঙ্কা হারিয়ে ফেলেছে ৫ উইকেট।
অভিষিক্ত ধনঞ্জয় ডি সিলভা এর মধ্যে নীরবেই একটা কীর্তি গড়ে ফেলেছেন। মুখোমুখি প্রথম চার বলে কোনো রান হয়নি, পঞ্চম বলে ও’কিফকে আছড়ে ফেললেন মাঠের বাইরে। টেস্ট অভিষেকে ছয় মেরে নিজের প্রথম রান করার কীর্তি আগেও হয়েছে, তবে শ্রীলঙ্কার হয়ে এটাই প্রথম। অবশ্য মুহূর্তটা বেশিক্ষণ উপভোগ করতে পারেননি ধনঞ্জয়, তাঁকে নিজের প্রথম শিকার বানিয়েছেন নাথান লায়ন।
লাঞ্চের পর ধনঞ্জয়ের বিদায় দিয়ে শুরু, এরপর ৩০ রান তুলতেই শ্রীলঙ্কা হারিয়ে ফেলেছে শেষ ৫ উইকেট। সেটিও মাত্র ছয় ওভারেই।
অস্ট্রেলিয়াও ধাক্কা খেয়েছিল শুরুতেই। ৯ রানের ভেতরেই ফিরে গিয়েছিলেন দুই ওপেনার ওয়ার্নার-বার্নস। এরপর অধিনায়ক স্মিথ ও উসমান খাজা আর কোনো বিপদ হতে দেননি। চা বিরতি পর্যন্ত ৬৬ রানে ২ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে খেলা সেই যে বন্ধ হলো, আর শুরুই হয়নি। প্রথম দুই সেশনে বোলারদের দাপটের পর তাই শেষ সেশন পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। টেন ক্রিকেট।