বৃষ্টির আগে লড়লেন ইমরুলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি বিরতির আগে ভরসা হয়ে রইলেন ইমরুল ছবি: শামসুল হক
বৃষ্টি বিরতির আগে ভরসা হয়ে রইলেন ইমরুল ছবি: শামসুল হক

বৃষ্টি খেয়ে নিয়েছে ফতুল্লা টেস্টের বেশিরভাগ সময়। নিজেদের সংগ্রহটা ৪৬২-তে রেখে ইনিংস ঘোষণার বিকল্প ছিল না ভারতের সামনে। লক্ষ্য তো একটাই, ম্যাচে ফলাফল। বাংলাদেশকে দ্রুতই ‘শেষ’ করে দেওয়া যাবে—এমন ভাবনাটা তো কাজ করেছেই ভারতীয় ড্রেসিং রুমে। সে লক্ষ্যে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে অবশ্য বেশ প্রতিরোধেরই শিকার হতে হয়েছে তাদের। যদিও বৃষ্টি এসে আরও একবার খেলা বন্ধ করার আগে তিন বাংলাদেশি ব্যাটসম্যান ফিরে গেছেন আউট হয়ে।
প্রতিরোধ এসেছে মূলত ইমরুল কায়েসের ব্যাট থেকেই। অসাধারণ খেলছেন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৫৯ রানে অপরাজিত আছেন এখনো। শান্ত-সৌম্য ঢংয়েই ভারতীয় বোলারদের আছড়ে ফেলেছেন উইকেটের চারদিকে। তাঁর ব্যাটে আগ্রাসন যেমন ছিল, ছিল দেখে খেলার প্রবণতাও। মুমিনুল তাঁকে সঙ্গ দিচ্ছিলেন বেশ ভালোভাবেই। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে হরভজন সিংকে দারুণ একটা ‘গিফট’ দিলেন তিনি। ৮৮টি আন্তর্জাতিক ম্যাচ ভারতীয় দলের বাইরে কাটানোর পর দলে ফিরে হরভজনের জন্য এমন উপহার ছিল দারুণ আরাধ্য। বাজে শট খেলে আউট হওয়ার যে প্রবণতা বাংলাদেশের ব্যাটসম্যানদের থাকে, হরভজনের বলে মুমিনুলের আউটকে বলা যেতে পারে তার একটা ভালো উদাহরণ। মুমিনুল ফিরে যাওয়ার ৫ মিনিটের মাথাতেই রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন বাংলাদেশের নির্ভরতার প্রতীক অধিনায়ক মুশফিকুর রহিম।
তামিমের উইকেটটাও নিয়েছেন ওই অশ্বিন। তাঁর বলে ১৯ রানে ঋদ্ধিমান সাহার হাতে স্টাম্পড হয়েছেন তিনি। আজকের দিনটা তামিমের জন্য একটু অন্যরকমই ছিল। ১৯ রান করতেই তিনি ছুঁয়েছেন দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ডকে। পেছনে ঠেলেছেন হাবিবুল বাশারকে। কিন্তু এমন একটা দিনে নিজের সংগ্রহটাকে বড় করতে না পারার আক্ষেপটা থেকেই যাচ্ছে তামিমের।
আপাতত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১১। এখনো ৩৫১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ বাকি ব্যাটসম্যানদের কল্যাণে পার্থক্যটা কতটুকু কমিয়ে নিয়ে আসতে পারেন, দেখার বিষয় এটিই।