বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের ​খেলা। শুক্রবার দুপুর ১২টার সময় ম্যাচ অফিশিয়ালরা জানিয়ে দেন এই সিদ্ধান্ত। সকাল থেকেই ঘূর্ণিঝড় ‘কোমেনে’র প্রভাবে বৃষ্টিস্নাত রাজধানী ঢাকা। দুদলের খেলোয়াড়েরাও বৃষ্টি দেখে প্রয়োজনীয়তা অনুভব করেননি হোটেল ছেড়ে মাঠে আসার। 

এদিকে, ঘূর্ণিঝড় ‘কোমেন’ আজ শুক্রবার সকাল ছয়টার দিকে সন্দ্বীপ দিয়ে চট্টগ্রাম উপকূল পার হয়েছে। এটি দুর্বল হয়ে পড়লেও এর কারণে বৃষ্টি ঝরছে দেশজুড়ে​ই। এর প্রভাবে কাল শনিবারও বৃষ্টি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।

টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। ছবিঃ শামসুল হক
টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। ছবিঃ শামসুল হক

বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বাংলাদেশ তুলেছে ২৪৬ রান। তবে সাজঘরে ফেরত গেছেন বাংলাদেশের আট ব্যাটসম্যান। কাল দিন শেষে ১৩ রান নিয়ে উইকেটে ছিলেন এই মুহূর্তে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান নাসির হোসেন। বৃষ্টির কারণে চট্টগ্রামে তিন দিনের পর আর খেলা হয়নি। ঢাকা টেস্টও শুরু হয়েছে বৃষ্টি মাথায় নিয়েই। এই টেস্টের কপালেও এমন কিছু লেখা আছে কি না, সেটাই এখন দেখার বিষয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু শঙ্কা জাগাচ্ছেই।