বৃষ্টির কারণে বন্ধ খেলা

অকল্যান্ডের আকাশ ভেঙে নামা বৃষ্টি আপাতত বন্ধ রেখেছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল। ম্যাচের আগেই অবশ্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল বৃষ্টির।
খেলা বন্ধ হওয়ার আগ মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৮ ওভারে ৩ উইকেটে ২১৬। টসে জিতে ব্যাট করছে প্রোটিয়ারা।
ফ্যাফ ডু প্লেসি অপরাজিত আছেন ৮২ রানে, এবি ডি ভিলিয়ার্স ব্যাট করছেন ৬০ রান নিয়ে। রাইলি রুশো সাজঘরে ফিরেছেন ৩৯ রানে।
এদিকে, দিনের শুরুতে ট্রেন্ট বোল্টের জোড়া আঘাতে কিছুটা এলোমেলো অবস্থায় ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। হাশিম আমলা আউট হন বোল্টের বলে বোল্ড হয়ে, বোল্টের বলেই টিম সাউদিকে ক্যাচ দেন কুইন্টন ডি কক। রাইলি রুশোর উইকেটটি নিয়েছেন কোরি অ্যান্ডারসন। মার্টিন গাপটিলের ক্যাচে ফেরেন তিনি।
এই মুহূর্তে ২১ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ট্রেন্ট বোল্ট। তিনি এই মুহূর্তে নিউজিল্যান্ডেরও সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ উইকেট নেওয়া বোলার। ২১ উইকেটে তিনি পেছনে ফেলেছেন জিওফ অ্যালটকে। ১৯৯৯ বিশ্বকাপে ২০ উইকেট নিয়েছিলেন অ্যালট।
৬০ রানের অপরাজিত ইনিংসের মধ্যেই দারুণ একটি রেকর্ড গড়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি এখন দক্ষিণ আফ্রিকার হয়ে এক বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান। তাঁর মোট রান ৪৭১। এই তালিকায় শীর্ষে আছেন জ্যাক ক্যালিস, ২০০৭ বিশ্বকাপে তিনি নিজের খাতায় তুলেছিলেন ৪৮৫ রান।