বৃষ্টির দিনে উজ্জ্বল শামসুর-শুভাগত
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাতীয় দলের প্রস্তুতিতে সাহায্য করতে তাই দ্বিতীয় রাউন্ডের পরেই স্থগিত হয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। কাল শুরু দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনটাও নির্বিঘ্ন কাটেনি। বৃষ্টি ও আলোকস্বল্পতায় রাজশাহী ও বগুড়া দুই ভেন্যুতেই দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বৃষ্টি শুরুর আগেই অবশ্য সেঞ্চুরি পেয়ে গেছেন ওয়ালটন মধ্যাঞ্চলের শামসুর রহমান। চা-বিরতির আগেই খেলা বন্ধ হওয়ার সময় মধ্যাঞ্চলের রান ৫ উইকেটে ২৩৩। এই রানের ১৪৫-ই এসেছে শামসুর ও শুভাগত হোমের তৃতীয় উইকেট জুটিতে। ১০০ বলে ৯ চার ও ১ ছয়ে ৮৩ রান শুভাগতর, শামসুরের ১৭৭ বলের ১০৩ রানের ইনিংসেও ৯টি চার ও ১টি ছয়।
টস জিতে ফিল্ডিং নেওয়া প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল শুরুটা ভালো করেছিল। পেসার রবিউল ইসলাম ১৬ রানের মধ্যেই তুলে নিয়েছিলেন রনি তালুকদার ও মার্শাল আইয়ুবকে। এরপরই শামসুর-শুভাগতর ওই জুটি।
সাদমান ইসলাম ও লিটন দাসের ৭৩ রানের উদ্বোধনী জুটিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ভালো শুরু করেছিল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলও। কিন্তু ৮ রানের মধ্যে দুজনের বিদায়ের পর বলার মতো রান পেয়েছেন শুধু অধিনায়ক মুমিনুল হক ও তাসামুল হক। কেউই অবশ্য ফিফটি পাননি। বিকেল ৩টা ৫৩ মিনিটে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৮ উইকেটে ২০৩ রান করে পূর্বাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বগুড়া
পূর্বাঞ্চল: ৭৬ ওভারে ২০৩/৮ (তাসামুল ৪৫, লিটন ৪৩, সাদমান ৩৩, মুমিনুল ৩১; সানজামুল ৩/৩৩, নাসির ২/২৭)।
ওয়ালটন মধ্যাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, রাজশাহী
মধ্যাঞ্চল: ৬৩.২ ওভারে ২৩৩/৫ (শামসুর ১০৩, শুভাগত ৮৩, তানভীর ২৩*; রবিউল ২/৫২)।