বৃষ্টির দিনে তৌহিদের ৬ উইকেট

ম্যাচের বাকি থাকবে আরও এক দিন। কিন্তু রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ফলাফল দেখে ফেলতে পারে আজই। কাল দ্বিতীয় দিনে স্বাগতিক রাজশাহীর সামনে জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। এর আগে ৩১ রানে ৬ উইকেট নিয়ে রাজশাহীর প্রথম ইনিংসটা ৯৩ রানে শেষ করে দিয়েছেন বরিশালের পেসার তৌহিদুল ইসলাম।
দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে অবশ্য দুই দিনেও শেষ হয়নি সিলেটের প্রথম ইনিংস। ফতুল্লায় বৃষ্টিবিঘ্নিত দিন শেষে স্কোর ৮ উইকেটে ৩৫২। বগুড়ায় ঢাকা মহানগরের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে রংপুর। ধীমান ঘোষের অপরাজিত ৮৫ রানের সৌজন্যে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের রান ৫ উইকেটে ২৬৬। খুলনায় ঢাকাকে ১৮৭ রানে অলআউট করে ৪ উইকেটে ১৬৮ রানে দিন শেষ করেছে স্বাগতিক দল।
হারের মুখে রাজশাহী
এক তৌহিদুলেই শেষ রাজশাহীর প্রথম ইনিংস। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার নাজমুল হোসেনকে (শান্ত) ফেরান সোহাগ গাজী। প্রথম ইনিংসে রাজশাহীকে এক শর নিচে থামিয়ে দিতে বাকি কাজটা গোলাম কবিরকে সঙ্গে নিয়ে করেছেন তৌহিদুল। দুই পেসারের দাপটে মাত্র ২৪ রানে ৬ উইকেট হারায় স্বাগিতক দল। অধিনায়ক মুশফিকুর রহিম (৮০ বলে ৩২) লড়াইটা না করলে রাজশাহী হয়তো এক শর কাছাকাছিও যেত না। অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬০ রানে অলআউট বরিশালও। অধিনায়ক ফজলে রাব্বি বিপর্যয়ের কারণটা জানেন, ‘আমরা একটু তাড়াহুড়া করেছি বলেই এই বিপর্যয়।’ গরমের কারণে আবারও ফিল্ডিংয়ে নামতে চাননি বলে ফলোফন করাননি রাজশাহীকে। তবে প্রথম ইনিংসের ৩০২ রানের সৌজন্যে রাজশাহীর সামনে ৩৭০ রানের লক্ষ্য দিতে পেরেছে বরিশাল। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে রাজশাহীর রান বিনা উইকেটে ২৫।
ফতুল্লায় বৃষ্টির দিন
বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে দুপুর ১টা ৫০ মিনিটে। আলোকস্বল্পতার জন্য দিনের খেলার শেষটাও তাড়াতাড়ি হওয়ায় সিলেট-চট্টগ্রামের ম্যাচে সারা দিনে হয়েছে মাত্র ৩০.২ ওভার। দিন শেষে অপরাজিত সিলেটের রাহাতুল ফেরদৌস এরই মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ফিফটিটি (৫৬*) করে নিয়েছেন। আবুল হাসানের সঙ্গে সপ্তম উইকেটে যোগ করেছেন ৭২। প্রথম দিন শেষে অবিচ্ছিন্ন থাকা রাজিন সালেহ-রুমান আহমেদের পঞ্চম উইকেট জুটিটি অবশ্য বেশি দূর যেতে পারেনি। পর পর দুই ওভারে ফিরে গেছেন দুজনই।
খুলনায়ও বৃষ্টি
বৃষ্টির কারণে আগের দিন পুরো খেলা হয়নি বলে কাল আধঘণ্টা আগেই শুরু হয়েছিল খেলা। প্রথম সেশনটা ঠিকঠাক হতে পারলেও লাঞ্চের পর থেকে চা-বিরতি পর্যন্ত পিচে একটি বলও পড়তে পারেনি। চা-বিরতির পাঁচ মিনিট পর খেলা শুরু হয়েছে, কিন্তু আবারও বৃষ্টি এসে ৩টা ৫৪ মিনিটে শেষবারের মতো মাঠ থেকে তুলে নিয়ে যায় খেলোয়াড়দের। অবশ্য শেখ আবু নাসের স্টেডিয়ামের উইকেটে রান করার কষ্টটা এটুকুতেই বোঝা গেছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৬৮ রান খুলনার। ওপেনার মেহেদী হাসানের ফিফটি (৫৩) ছাড়া বলার মতো রান নেই কারও। বল হাতে ম্লান পারফরম্যান্সের পর ব্যাটিংয়েও অনুজ্জ্বল সাকিব আল হাসান। ১৩ রান করে মোশাররফ হোসেনের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়েছেন সাইফ হাসানকে। সকালে আগের দিনের ১৭৪ রানের সঙ্গে ১৩ যোগ করেই শেষ ২টি উইকেট হারায় ঢাকা।
বগুড়ায় রংপুরের লিড
দলকে ৪৩ রানে রেখেই ১৯তম ওভারের শেষ আর ২০তম ওভারের প্রথম বলে ফিরে যান দুই ওপেনার সায়মন আহমেদ ও তানভীর হায়দার। ৪৭ রানে তারিক আহমেদও বিদায় নিলে চাপে পড়ে গিয়েছিল রংপুর। তবে মিডল অর্ডার এই চাপটা দিয়েছে সরিয়ে। চতুর্থ উইকেটে নাঈম ইসলাম-মাহমুদুল হাসানের ৮৬ ও ষষ্ঠ উইকেটে ধীমান ঘোষ-আরিফুল হকের অবিচ্ছিন্ন ১৩৩ রানের জুটিতে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়নরা।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট-চট্টগ্রাম, ফতুল্লা
সিলেট ১ম ইনিংস: ১২০.২ ওভারে ৩৫২ (রুমান ৮০, রাজিন ৭৪, রাহাতুল ৫৬*, ইমতিয়াজ ৩৭, হাসান ৩২; নাবিল ৩/৭৮, মেরাজুল ২/৪২, সাইফুদ্দিন ২/৬৪)।
বরিশাল-রাজশাহী, রাজশাহী
বরিশাল: ৩০২ ও ৪৪.৪ ওভারে ১৬০ (মোসাদ্দেক ৪০, ফজলে মাহমুদ ৩৫; সানজামুল ৪/৪৯, ফরহাদ হোসেন ৩/২০, ফরহাদ রেজা ৩/৩১)। রাজশাহী ১ম ইনিংস: ৪৪ ওভারে ৯৩ (মুশফিক ৩২; তৌহিদ ৬/৩১, কবির ৩/১১) ও ২য় ইনিংস: ৬ ওভারে ২৫/০।
রংপুর-ঢাকা মহানগর, বগুড়া
ঢাকা মহানগর ১ম ইনিংস: ২৩৮। রংপুর ১ম ইনিংস: ৯২ ওভারে ২৬৬/৫ (ধীমান ৮৫*, আরিফ ৪৮*, নাঈম ৪৬, মাহমুদুল ৪১, তানভীর ৩১; শহীদ ২/৬৩, ইলিয়াস সানি ২/৬৩)।
ঢাকা-খুলনা, খুলনা
ঢাকা ১ম ইনিংস: ৬৬ ওভারে ১৮৭ (সাইফ ৬৮, নাদিফ ৩৬; মুস্তাফিজ ৪/২৯, রাজ্জাক ৪/৭২)। খুলনা ১ম ইনিংস: ৪৯ ওভারে ১৬৮/৪ (মেহেদী ৫৩, নাজমুল ২/৬৭)।