বৃষ্টির দিনে শরীফের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ শরীফ
মোহাম্মদ শরীফ

‘মিসবাহ যদি ৪০ বছর বয়সেও খেলতে পারে, ফিটনেস থাকলে বাংলাদেশের খেলোয়াড়েরা কেন পারবে না?’
প্রশ্নটা মোহাম্মদ শরীফের। বয়স ৩২ পেরিয়ে গেলেও লড়াইটা ছাড়েননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে কাল হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই পেসার। এরপরই তাঁর ওই প্রশ্ন।
দুই দফা বৃষ্টি ম্যাচটিকে টেনে নিয়ে গেছে রিজার্ভ ডেতে। বিকেল সোয়া ৪টায় দ্বিতীয় দফা বৃষ্টিতে দিনের খেলা বাতিল হওয়ার আগে ১৬.১ ওভারে ৩ উইকেটে ৮৩ রান গাজী গ্রুপের। ওপেনার এনামুল হকের (৩৬*) সঙ্গে উইকেটে অলক কাপালি (১৪*)। এনামুল-শামসুরের ৩৯ রানের ওপেনিং জুটির পর মাত্র ২৪ রানেই নেই ৩ উইকেট। এরপর এই দুজনের ব্যাটেই ভরসা খোঁজা গাজীর।
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে গাজী গ্রুপের জয়ের লক্ষ্য ৩৮ ওভারে ১৯৬ রান। কালই ৮৩ রান ওঠায় আজ ২১.৫ ওভারে করতে হবে ১১৩। এর আগে শেখ জামাল ইনিংসেও ২৯ ওভারের পর বৃষ্টি নেমেছিল। আড়াই ঘণ্টারও বেশি বন্ধ থাকা ম্যাচ আবার যখন শুরু হলো, সেটির দৈর্ঘ্য নেমে আসে ৩৮ ওভারে।
শরীফ আগুন ঝরিয়েছেন বৃষ্টি-পরবর্তী অংশটুকুতেই। ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে তিন ওভারের স্পেলে ২০ রানে উইকেটশূন্য ছিলেন। সেই শরীফ তৃতীয় স্পেলে এসে ৩৪তম ওভারে এমনই বিধ্বংসী হয়ে উঠলেন যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেখ জামালের ইনিংস। ৩ উইকেটে ১৪৯ থেকে স্কোর মুহূর্তেই ৭ উইকেটে ১৪৯! ওভারের শেষ বলে রান আউট হয়েছেন মুক্তার আলী। এবারের প্রিমিয়ার লিগ শরীফের প্রথম হ্যাটট্রিকটি দেখে ফেলেছে তার আগেই। তৃতীয় বলে মাহমুদউল্লাকে মিড উইকেটে ক্যাচ বানান সাঈদ আনোয়ার জুনিয়রের। পরের বলে বোল্ড জাবিদ হোসেন, পঞ্চম বলে নাজমুস সাদাতকে এলবিডব্লু করে পূর্ণ করেন প্রিমিয়ার লিগের ‘ক্যারিয়ারে’ তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। তাঁর প্রথম হ্যাটট্রিক ২০০৫-০৬ মৌসুমে।
আবদুল্লাহ আল মামুন এবং জয়রাজ শেখের ৬২ রানের ওপেনিং জুটির সৌজন্যে ভালো শুরুই করেছিল শেখ জামাল। কিন্তু বৃষ্টির পর এক শরীফই এলোমেলো করে দেন সবকিছু। মাত্র ১৯ রানে পড়েছে শেষ ৬ উইকেট। বৃষ্টির পরের ৯ ওভারে যোগ হয়েছে ৩৯ রান।
১০ টেস্ট আর ৯ ওয়ানডে খেলা শরীফ ২০০৭ সালের পর আর সুযোগ পাননি আন্তর্জাতিক ক্রিকেটে। এ নিয়ে তাঁর মনের ক্ষোভটাই যেন ঝরে পড়ল তাঁর মুখে, ‘আমাদের দেশের কালচারই এটা, ৩০ বছর হলেই বুড়ো বলে। অন্য দেশে কারও বয়স ৩০ হলে বলে, সবে অভিজ্ঞ হয়েছে।’ শরীফের অভিযোগ, মাঝে একবার ‘এ’ দলে ডেকেও নির্বাচকেরা শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়েছেন। কিন্তু বাদ দেওয়ার বিষয়টি তাঁকে জানানোও হয়নি, ‘আমি জিজ্ঞাসা করেছিলাম কেন আমাকে বাদ দেওয়া হলো? আমার কি বয়স বেশি, নাকি চান না আমি খেলি? তাঁরা বলেন এসব নয়, অন্য একটি কারণ। কিন্তু কী কারণ আমাকে বলেননি।’
শরীফ এতেও দমার পাত্র নন। এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলে ফিরবেন, ‘আমার মনে হয় না আমি শেষ হয়ে গেছি। আমার দেওয়ার আরও কিছু আছে। জাতীয় দলে ফিরতে চাই।’

সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৩৮ ওভারে ১৬৮/৯ (মামুন ৬৯, মাহমুদউল্লাহ ৩০; শরীফ ৪/৪৩, আনোয়ার ২/২৭)। গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৬.১ ওভারে ৮৩/৩ (এনামুল ৩৬*; সানি ২/১৩)। (অসমাপ্ত)

বাংলাদেশের ঘরোয়া লিস্ট ‘এ’ ম্যাচে হ্যাটট্রিক
ম্যাচ ভেন্যু টুর্নামেন্ট মৌসুম
সাব্বির খান চট্টগ্রাম-রাজশাহী কুমিল্লা জাতীয় লিগ ২০০৩-০৪
রুবেল হোসেন গাজী ট্যাংক-ব্রাদার্স বিকেএসপি প্রিমিয়ার লিগ ২০১৩-১৪
তাপস বৈশ্য প্রাইম ব্যাংক-কলাবাগান ক্রীড়াচক্র বগুড়া প্রিমিয়ার লিগ ২০১৩-১৪
শন উইলিয়ামস ব্রাদার্স-কলাবাগান একাডেমি ফতুল্লা প্রিমিয়ার লিগ ২০১৩-১৪
মোহাম্মদ শরীফ গাজী গ্রুপ-শেখ জামাল মিরপুর প্রিমিয়ার লিগ ২০১৫-১৬