বৃষ্টির বাগড়া হোবার্টে

রেকর্ড হলো হোবার্টের বেলরিভ ওভালে। এই মাঠে প্রথমবারের মতো বৃষ্টি খলনায়ক হয়ে পণ্ড করে দিল টেস্ট ম্যাচের গোটা একটি দিন। দিনভর থেমে থেমে ভারী বৃষ্টি হওয়ায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও।
প্রথম দিনটি ছিল ঘটনায় ভরা। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৮৫ রানেই। দক্ষিণ আফ্রিকার জবাবটাও খুব ভালো হয়নি। বিপর্যয় সত্ত্বেও হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের ব্যাটে প্রথম দিন শেষে তারা তুলেছে ৫ উইকেটে ১৭১। লিড ৮৬ রানের। বাভুমা অপরাজিত আছেন ৩৮ রানে, ডি কক ২৮ রানে। আমলা করেন ৪৭ রান। মিচেল স্টার্ক নিয়েছেন ৩ উইকেট। হ্যাজেলউড ২টি।
অস্ট্রেলিয়ার ইনিংসে ভয়ংকর হয়ে উঠেছিলেন ভারনন ফিল্যান্ডার ২১ রানে তিনি নিয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান স্টিভ স্মিথের—৪৮।
কাল তৃতীয় দিন আধা ঘণ্টা আগেই খেলা শুরু হওয়ার কথা। সূত্র: রয়টার্স।