বৃষ্টির বাধায় জয়াবর্ধনে-সাঙ্গাকারা

দুজনের বন্ধুত্বটা অনেক দিনের। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের (৬২৪) জুটির রেকর্ডটির পাশেও আছে তাঁদের নাম। দীর্ঘদিন ধরেই তাঁরা দাঁড়িয়ে আছেন শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভ হিসেবে। কিন্তু টেস্ট ক্রিকেটের অঙ্গনে আর খুব বেশি দিন দেখা যাবে না মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারার যুগলবন্দী। পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজের পরই অবসরে যাচ্ছেন জয়াবর্ধনে। শেষের আগে তাই হয়তো ক্রিকেট বিশ্বকে নিজেদের সেরাটাই দিতে চাইছেন শ্রীলঙ্কার এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বেশ ভালোই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ তৃতীয় দিনে তাঁদের থামতে হয়েছে বৃষ্টির কারণে।
গল টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪৬ ওভার। বেশির ভাগ সময়ই উইকেটে ছিলেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা। আজ দিনের ১৩তম ওভারে কুশল সিলভাকে আউট করেছিলেন মোহাম্মদ তালহা। এটাই আজ পাকিস্তানের একমাত্র সাফল্য। তার পর থেকে বৃষ্টি শুরুর আগপর্যন্ত দৃঢ়তার সঙ্গেই ব্যাটিং করে গেছেন জয়াবর্ধনে ও সাঙ্গাকারা। টেস্ট ক্যারিয়ারের ৩৭তম শতক তুলে নিয়ে ১০২ রানে অপরাজিত আছেন সাঙ্গাকারা। জয়াবর্ধনে ব্যাট করছেন ৫৫ রান নিয়ে। দুই উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে জমা হয়েছে ২৫২ রান।
শ্রীলঙ্কার অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ১৮তম বারের মতো পূর্ণ করেছেন শত রানের জুটি। ২০টি শত রানের জুটি নিয়ে তাদের আগে আছেন শুধু রাহুল দ্রাবিড় আর শচীন টেন্ডুলকার।
ক্যারিয়ারের ৩৭তম শতক পূর্ণ করে সাঙ্গাকারা ছাড়িয়ে গেছেন রাহুল দ্রাবিড়কে (৩৬)। আগামীকাল চতুর্থ দিনে জয়াবর্ধনেও যদি শতকের দেখা পেয়ে যান, তাহলে পেছনে ফেলতে পারবেন ব্রায়ান লারা ও সুনীল গাভাস্কারকে (৩৪)।
গল টেস্টটা যে নিশ্চিত ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে, সেটা সহজেই অনুমান করা যায়। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৪৫১ রান। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা এখনো পিছিয়ে আছে ১৯৯ রানে।