বৃষ্টির শঙ্কাই থাকছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে

ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি থাকবে, এমনটাই বলা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে।
২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর বাংলাদেশের অপেক্ষা শ্রীলঙ্কা ম্যাচের। ব্রিস্টলে এ ম্যাচটিকে ‘পাখির চোখ’ বানিয়ে রাখা অনেক আগে থেকেই। ম্যাচটা জিতে ২ পয়েন্ট তুলে নিতে চায় দল। কিন্তু এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার পাশাপাশি বৃষ্টিও। কাল সারা দিন বৃষ্টি হতে পারে—আবহাওয়ার পূর্বাভাস এমনই।
ব্রিস্টলের কান্ট্রি গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় খেলাটি শুরু হওয়ার কথা। কিন্তু সেটি আদৌ ঠিক সময়ে হবে কিনা, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ব্রিস্টল আজকের মতো কালও বৃষ্টি চোখ রাঙাচ্ছে।
লন্ডনের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সারা বৃষ্টির দখলে থাকবে। খুব জোরে না পড়লেও থেকে থেকে বৃষ্টি হবে। ওদিকে উপগ্রহ ভিত্তিক আবহাওয়ার অ্যাপগুলো জানাচ্ছে, সকালে খেলা শুরুর সময় বৃষ্টির প্রকোপ থাকতে পারে। ভোর রাত থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হতে পারে। দুপুরের পর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার অ্যাপগুলো।
বিকেলের দিকে বৃষ্টি না হওয়ার কথাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সেটা না হলেও দিনভর বৃষ্টির মাত্রার ওপরই নির্ভর করবে এ ম্যাচের ভবিষ্যৎ।