মিরপুরে বৃষ্টি, বিদ্যুৎ বিভ্রাট

জমজমাট এক ফাইনালের আশায় মিরপুরে এখন হাজার হাজার দর্শক। যাদের মাঠে থাকার সৌভাগ্য হয়নি, তারা টিভির পর্দায় এশিয়া কাপের ফাইনাল দেখতে নিজেদের কাজকর্ম সব গুছিয়ে নিচ্ছে। দ্বাদশ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের শিরোপা-স্বপ্নে বিভোর হয়ে পুরো দেশেই এখন উৎসবমুখর পরিবেশ। কিন্তু বাদ সাধছে বেরসিক প্রকৃতি। আজ মিরপুরের আকাশে কালো মেঘ জমেছে। সন্ধ্যা ছয়টার পর বৃষ্টি শুরু হয়। এ সময় বিদ্যুৎও চলে যায়।
আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়েছে, আজ মিরপুরে খেলার আগে ও পরে বৃষ্টির সম্ভাবনা আছে। আজ বেলা তিনটার পর থেকেই মিরপুরের আকাশ ঘন না হলেও কালো মেঘে ছেয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটার পরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তবে বৃষ্টি হলেও তা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না।
আবহাওয়াবিদ রিপন চন্দ্র সরকার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, দুপুরের পর থেকে দেশের উত্তর-পশ্চিম দিক থেকে জলীয় বাষ্প জমতে শুরু করেছে। এ জন্য রাজশাহী ও পাবনায় কিছুটা বৃষ্টি হয়েছে। এ মুহূর্তে টাঙ্গাইলে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ঢাকার আকাশ কালো হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও যোগ করা হয়েছে আবহাওয়ার বুলেটিনে। এর ফলে বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির শঙ্কা থেকেই যাচ্ছে। ফাইনাল নিয়েও তাই তৈরি হয়েছে অনিশ্চয়তা। রিজার্ভ ডে নেই। ম্যাচ পরিত্যক্ত হলে দুদলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।