বৃষ্টির সঙ্গে মাইলফলকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাকারা-জয়াবর্ধনেতে সওয়ার হয়ে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা l এএফপি
সাঙ্গাকারা-জয়াবর্ধনেতে সওয়ার হয়ে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা l এএফপি

বৃষ্টির চোখরাঙানি ছিলই, খেলার মধ্যে কয়েকবারই বাগড়া দিয়েছে। পুরো একটা সেশনেরও বেশি ভেসে গেছে বর্ষণে, শেষ পর্যন্ত দিনের খেলাই হয়েছে পরিত্যক্ত। তার পরও গল টেস্টের তৃতীয় দিনে আলো ছড়িয়েছেন কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনে। পাকিস্তানের বড় ইনিংসের জবাবটা শ্রীলঙ্কা তাই ভালোই দিতে পারছে।
৩৬ রানে দিনটা শুরু করেছিলেন সাঙ্গাকারা। দ্বিতীয় সেশনে তুলে নিয়েছেন নিজের ৩৭তম সেঞ্চুরি (পাকিস্তানের বিপক্ষে দশম)। ওপাশ থেকে যোগ্য সঙ্গ দিয়েছেন জয়াবর্ধনে, তুলে নিয়েছেন নিজের ৪৯তম ফিফটি। ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত ছিলেন দুজন, এটা তাঁদের ১৮তম সেঞ্চুরি জুটি। তৃতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ১৯৯ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, হাতে উইকেট আটটি।
শুরুতে একটু দেখেশুনে খেলার পর স্ট্রোকের পসরা সাজিয়েছেন সাঙ্গাকারা। লাঞ্চের পর তো দুজনে মিলে ওভারপ্রতি গড়ে প্রায় চার করে নিয়েছেন। জয়াবর্ধনে অবশ্য শুরুতে একটু নড়বড়ে ছিলেন, আজমলের বলে খোঁচা লাগিয়েও আউট হননি। বাঁহাতি পেসার জুনায়েদ খানের বলে তো এলবিডব্লুই হয়ে গিয়েছিলেন, পার পেয়ে গেছেন রিভিউ চেয়ে।
দিনে পাকিস্তানের একমাত্র সাফল্য বলতে ছিল কৌশল সিলভাকে আউট করা। মোহাম্মদ তালহার বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন সরফরাজ। নিষ্প্রাণ উইকেটে জুনায়েদ-তালহারা পরে মাথা খুঁটে মরেছেন। ক্রিকইনফো।