বৃষ্টির হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ?

বৃষ্টিবাধায় আজ খেলা শেষ হয়েছে ২০ মিনিট আগে। কালও এমন বৃষ্টি বাগড়া থাকতে পারে বলে জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে
তৃতীয় দিনের খেলা শেষ হতে ২০ মিনিট বাকি ছিল। তখনই এল বৃষ্টি। এর পর স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলো নিভে যাওয়ায় আলোক স্বল্পতায় ২০ মিনিট আগেই শেষ হয়ে গেল তৃতীয় দিনের খেলা। দিনের খেলা শেষে ম্যাচ রেফারি জানিয়ে দিয়েছেন কাল সকালে ম্যাচ শুরু হবে ২০ মিনিট আগে। ওদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টিবাধা থাকবে কালও।
এ খবরে খুশিই হওয়ার কথা বাংলাদেশের। তৃতীয় দিন শেষে বাংলাদেশ যে অবস্থানে আছে, তাতে প্রকৃতির সহায়তা আর চতুর্থ ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা ছাড়া চট্টগ্রাম টেস্ট বাঁচানো সাকিবদের জন্য কঠিনই। এরই মধ্যে ৩৭৪ রানের লিড পেয়ে গেছে আফগানিস্তান। আফগানরা যদি এই লিডেই কাল অলআউট হয়ে যায়, তবু বাংলাদেশের এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই।
আজ বৃষ্টির কারণে ২০ মিনিট আগেই খেলা শেষ করতে হয়েছে। কালও এমন বৃষ্টি বাগড়া থাকতে পারে বলে জানালেন আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী, ‘কাল সারা দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে ধারাবাহিক হবে না। আকাশে মেঘ আছে, সাগরে ৩ নম্বর সংকেত আছে। কাল বা পরশু তাই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ১০-১৫ মিনিট বৃষ্টি হয়ে মেঘ সরে যেতে পারে। আবার ২-৩ ঘণ্টা পর আবার আসতে পারে।’
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ যে অবস্থানে আছে, প্রকৃতি হাত বাড়িয়ে না দিলে এ ম্যাচ বাঁচানো ভীষণ কঠিনই হয়ে যাবে সাকিবদের। আফগানিস্তানের মতো নবীন এক দলের বিপক্ষে এমন পরিস্থিতি পড়তে হবে, ম্যাচের আগে ভাবতে পেরেছিলেন সাকিব?