বৃষ্টি-বিঘ্নিত এক 'পাতানো' টেস্টের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০০ সালের ১৪ জানুয়ারি সেঞ্চুরিয়ন টেস্টে টস করছেন হানসি ক্রোনিয়ে ও নাসের হুসেইন। তিন দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর দুই দলই একটি করে ইনিংস ছেড়ে দিয়ে ফল বের করেছিল এই টেস্টে। পরে দেখা গেছে এই সিদ্ধান্তের পেছনে ছিল বাজিকরদের কারসাজি। ছবি: ক্রিকেটকান্ট্রি ডটকম।
২০০০ সালের ১৪ জানুয়ারি সেঞ্চুরিয়ন টেস্টে টস করছেন হানসি ক্রোনিয়ে ও নাসের হুসেইন। তিন দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর দুই দলই একটি করে ইনিংস ছেড়ে দিয়ে ফল বের করেছিল এই টেস্টে। পরে দেখা গেছে এই সিদ্ধান্তের পেছনে ছিল বাজিকরদের কারসাজি। ছবি: ক্রিকেটকান্ট্রি ডটকম।

বৃষ্টি অপ্রত্যাশিতভাবেই বাগড়া দিয়েছিল ইতিহাসের ১৪৮৩ তম টেস্ট ম্যাচটিতে। ২০০০ সালের জানুয়ারি মাসে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেঞ্চুরিয়ন টেস্টের তিনটি দিনই ‘খেয়ে’ দিয়েছিল অসময়ের বৃষ্টি। খেলোয়াড়-দর্শকদের হতাশা আর আয়োজকদের নিশ্চিত আর্থিক ক্ষতির শঙ্কার মধ্যেই যুগান্তকারী এক সিদ্ধান্তে পৌঁছলেন দুই অধিনায়ক হানসি ক্রোনিয়ে ও নাসের হুসেইন। রৌদ্রকরোজ্জ্বল শেষ দিনটিতে দুই অধিনায়ক নিজেদের মধ্যে আলোচনা করে ছেড়ে দিলেন নিজেদের একটি করে ইনিংস। টেস্টের মোড়কে অনুষ্ঠিত হল দারুণ উত্তেজনাকর এক ‘ওয়ানডে’ ম্যাচ। প্রোটিয়াদের সংগৃহীত ২৪৮ রান ইংল্যান্ড সফলতার সঙ্গে তাড়া করল দিনের শেষ ৫ বল হাতে রেখেই। ২ উইকেটে সেঞ্চুরিয়ন টেস্ট জিতলেও নাসের হুসেইনের দল সিরিজ হারে ২-১ ব্যবধানে। টেস্ট হারলেও ‘খেলোয়াড়ি’ আচরণের ‘উদাহরণ’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ক্রোনিয়ে। ইনিংস ছেড়ে দেওয়ার প্রস্তাবটি তাঁরই হওয়ায় পণ্ড হয়ে যেতে বসা টেস্ট ম্যাচের ‘উত্তেজনাপূর্ণ’ সমাপ্তির পুরো কৃতিত্বই পকেটস্থ করলেন ক্রোনিয়ে। কিন্তু কি আশ্চর্য! প্রথমবারের মতো একটি করে ইনিংস ছেড়ে দিয়ে ফল বের করার জন্য যে টেস্টের ইতিহাসে আলাদা জায়গা পাওয়ার কথা, সেই টেস্টটিই কিনা মাত্র পাঁচ মাস পর অভিহিত হল ইতিহাসের একমাত্র ‘প্রমাণিত’ পাতানো টেস্ট হিসেবে!
পুরো ব্যাপারটাই ছিল বাজিকরদের ভাবনার ফল। তবে এই ম্যাচকে পুরোপুরি ‘পাতানো’ হিসেবে অভিহিত করতে বাধবে অনেকেরই। কারণ, বাজিকরদের প্ররোচনায় প্রোটিয়া অধিনায়ক ইনিংস ছেড়ে দেওয়ার এই প্রস্তাবটি নিয়ে গিয়েছিলেন ইংলিশ অধিনায়ক নাসের হুসেইনের কাছে। প্রস্তাবটি পেয়ে প্রথমে দ্বিধান্বিত থাকলেও পরে তিনি তাতে রাজি হয়ে যান। খেলার ‘স্পিরিট’ অনুসরণ করেই নাসের হুসেইন-বাহিনী দক্ষিণ আফ্রিকার এক ইনিংসে সংগৃহীত ২৪৮ রান তাড়া করেছিল। ইংলিশদের জয়ও তাই কালিমালিপ্ত নয়। কিন্তু ক্রোনিয়ে এই প্রস্তাবের প্রয়োগ ঘটিয়ে নিয়েছিলেন আর্থিক সুবিধা। ক্রিকেটের ম্যাচ পাতানো তদন্তে যে কিং কমিশন গঠিত হয়েছিল, তাতে প্রমাণ হয়েছে, বৃষ্টির কারণে তিন দিন নষ্ট হয়ে যাওয়া সেঞ্চুরিয়ন টেস্টের ফল মেলাতে ক্রোনিয়ে নাসের হুসেইনকে ইনিংস ছাড়ার যে প্রস্তাবটি দিয়েছিলেন, তার প্রয়োগ ঘটিয়ে তিনি বাজিকরদের কাছ থেকে হাতিয়ে নেন প্রায় ৫ হাজার মার্কিন ডলার। সঙ্গে একটি দামি চামড়ার জ্যাকেটও।
দুর্নীতি যে টেস্টের পেছনে মূল ক্রীড়নকের ভূমিকা পালন করেছে, সেটা সব সময়ই ভুলে যেতে চেয়েছেন নাসের হুসেইন। ম্যাচ শেষে তিনি অবশ্য উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ক্রোনিয়ের ‘অসাধারণ’ প্রস্তাব সম্পর্কে। তিনি পুরো বিষয়টিকে টেস্ট ক্রিকেটের এক ‘বিশেষ মুহূর্ত’ হিসেবে অভিহিত করে এর পুরো কৃতিত্বই দিয়েছিলেন ক্রোনিয়েকে। তবে কিছু দিন পরই সেঞ্চুরিয়ন টেস্টের নেপথ্যে দুর্নীতি আবিষ্কৃত হওয়ার পর তিনি আফসোস করেছিলেন ইংল্যান্ডের একটি অসাধারণ জয় কালিমালিপ্ত হওয়ায়। তিনি একটি কলামে লিখেছিলেন, আমরা টেস্টটি জিতেছিলাম ঠিকই, কিন্তু এই টেস্ট ম্যাচটি সব সময়ই অভিহিত হবে একটি ‘পাতানো টেস্ট ম্যাচ’ হিসেবে। যা মেনে নেওয়া সত্যিই কষ্টকর।
টেস্টের প্রথম দিন মাত্র ৪৫ ওভার খেলা হয়েছিল। প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ওই ৪৫ ওভারে ১৫৫ রান তুলতেই হারিয়ে বসেছিল ৬ উইকেট। এর পরপরই বৃষ্টি এসে বন্ধ করে দেয় খেলা। এর পরের তিনটি দিন একেবারেই বৃষ্টিময়। মাঠে গড়াতে পারেনি একটি বলও। ম্যাচের পঞ্চম দিন বৃষ্টি থেমে রোদ উঠলে ক্রোনিয়ে ইনিংস ছেড়ে দিয়ে দিনটি ‘অর্থবহ’ করার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ইংলিশ অধিনায়ক নাসের হুসেইনের কাছে। হুসেইন অবশ্য প্রথমে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। তাঁর শঙ্কা ছিল বৃষ্টির কারণে টানা তিন দিন আচ্ছাদিত অবস্থায় পড়ে থাকা সুপার স্পোর্ট পার্কের উইকেট সাহায্য করবে বোলারদের। ক্রোনিয়ে প্রস্তাব দিয়েছিলেন ইংল্যান্ডকে কমপক্ষে ৭৫ ওভার ব্যাট করতে দেওয়ার। তিনি ধরে রেখেছিলেন বাকি ৪ উইকেট হাতে নিয়ে তাঁর দল ১৫৫ রানের সঙ্গে যদি আরও ১০০ রান যোগ করতে পারে, তাহলেই ইংল্যান্ডের লক্ষ্যটা কঠিন হয়ে যাবে খুব সহজেই। দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামার পর নাসের হুসেইন লক্ষ্য করেন উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ উপযোগী। বল দারুণভাবেই আসছে ব্যাটসম্যানদের ব্যাটে। পঞ্চম দিন দক্ষিণ আফ্রিকার ইনিংসের দশ ওভার হয়ে যাওয়ার পর তিনি আবার ক্রোনিয়ের কাছে জানতে চান, তাঁর প্রস্তাবটি গ্রহণ করার কোনো সুযোগ আছে কিনা। ক্রোনিয়ে অবশ্য খুশিমনেই তাতে সম্মতি দিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকা অবশ্য শেষ চার উইকেটে নিজেদের সংগ্রহটাকে ২৪৮ রানের বেশি নিতে পারেনি। ল্যান্স ক্লুজনার অপরাজিত ছিলেন ৬১ রানে, শন পোলক আউট হন ৩০ রান করে। সঙ্গে মার্ক বাউচারের ২২ প্রোটিয়াদের নিয়ে যায় ২৪৮ রানে। দক্ষিণ আফ্রিকা একটু তাড়াতাড়িই অলআউট হয়ে যাওয়ায় ২৪৯ রান তাড়া করার জন্য ইংল্যান্ড হাতে পায় ৭৬ ওভার।
ইংল্যান্ডের এই রান তাড়ায় অনন্য অবদান রাখেন অ্যালেক স্টুয়ার্ট ও মাইকেল ভন। স্টুয়ার্ট করেন ৭৩, ভন ৬৯। মার্ক বুচারের ব্যাট থেকে আসে ৩৬, অধিনায়ক নাসের হুসেইন নিজে করেন ২৫। গাউটের কারণে সেদিন প্রোটিয়া বোলিং লাইন আপে ছিলেন না অ্যালান ডোনাল্ড। তাঁর বদলে দলে জায়গা পাওয়া ন্যান্টি হেওয়ার্ডস ৬১ রানে নিয়েছিলেন ৩ উইকেট। শন পোলকও ঝুলিতে ভরেছিলেন ৩ উইকেট। একটি উইকেট তুলে নিয়েছিলেন ল্যান্স ক্লুজনার। শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্যে দিনের শেষ ৫ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে সেদিন জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল ইংল্যান্ড।
হায়, এই টেস্টই কিনা ইতিহাসের একমাত্র বড় দৈর্ঘ্যের লড়াই, যাতে দুর্নীতি প্রমাণিত!