বেঁচে গেল উত্তর, জিতেছে মধ্যাঞ্চল
ম্যাচটা বাঁচিয়েই ফেলল বিসিবি উত্তরাঞ্চল। বিকেএসপিতে ফরহাদ হোসেন ও নাঈম ইসলামের সেঞ্চুরিতে নিরাপদেই শেষ দিনটা পার করেছে নাসির হোসেনের দল। ইনিংস হার এড়াতে দরকার ছিল ১০৫ রান। ২ উইকেটে ১৫৪ রান নিয়ে দিন শুরু করা উত্তরাঞ্চল ওই প্রয়োজন মিটিয়ে ফেলে লাঞ্চের পরপরই। এরপর দলটি আরও ১৪৪ রান যোগ করতেই ড্র মেনে নেয় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।

ফতুল্লায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২২৭ রানে হারিয়ে মৌসুমে প্রথম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল। ৫ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চল ১৫ বলে ১৬ রান যোগ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ৪০০ রানের লক্ষ্য, হাতে ছিল ৮৫ ওভার। পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে টিকল ৫৬.২ ওভার, করতে পারল ১৭২ রান।
বিকেএসপিতে উত্তর-দক্ষিণের ম্যাচে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম। ১২ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট পেলেন এই অফ স্পিনার। উত্তরের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ১২৯ রান করে অপরাজিত ছিলেন নাঈম। নাঈমের এটা ২০তম সেঞ্চুরি, এবারের বিসিএলে তৃতীয়। ১৫তম সেঞ্চুরি পাওয়া ফরহাদের ইনিংসটা ১১৯ রানের।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল: ৩২৮ ও ৬৯.৩ ওভারে ২৮২/৭ ডি. (মার্শাল ৭৩, তাইবুর ৫৭, নুরুল ৪৫, মেহরাব জু. ৩৮, মজিদ ৩৬; মুমিনুল ২/৩৯, ইবাদত ২/৪৭, অলক ২/৫২)। পূর্বাঞ্চল: ২১১ ও ৫৬.২ ওভারে ১৭২ (অলক ৭১, আবুল হাসান ২৩; শুভাগত ৪/৪৬, শরীফ ২/১৯, তাইবুর ২/২৪, কামরুল ২/৪০)।
ফল: মধ্যাঞ্চল ২২৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শরীফ।
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৫০১। উত্তরাঞ্চল: ২৪২ ও ১৩৭ ওভারে ৪০৩/৮ (নাঈম ১২৯*, ফরহাদ হোসেন ১১৯, জুনায়েদ ৪৬, ধীমান ৪১; নাহিদ ৫/১৩০, রুবেল ১/২৪, মোসাদ্দেক ১/৪২, রাজ্জাক ১/১৩৭)।
ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: তুষার ইমরান।