বেঁচে গেল পাকিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা পাকিস্তানের কাছে যে কতটা আরাধ্য ছিল, সেটা আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। এ ম্যাচে হেরে গেলেই যে লাহোরের বিমান টিকিট বুকিং দিয়ে ফেলতে হতো পাকিস্তান দলকে। কিন্তু শেষ পর্যন্ত তীব্র লড়াই শেষে জিম্বাবুয়েকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপের স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছে মিসবাহ-উল হকের দল।
বিশ্বকাপের ঠিক আগে দিয়েই একটি প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার ২৭৯ রান তাড়া করে জিতেছিল জিম্বাবুয়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও জিম্বাবুয়ে আমিরাতের ২৮৫ রান তাড়া করে জিতেছে। সর্বশেষ ক্রিস গেইলের ২১৫ রানে ঝড় সত্ত্বেও ক্যারিবীয়দের ৩৭২ রানের পহাড় ডিঙানোর দারুণ প্রচেষ্টা ছিল জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের। ওয়েস্ট ইন্ডিজের বিশাল সংগ্রহ তাড়া করে শেষ পর্যন্ত ২৮৯ করা জিম্বাবুয়ে আজ পাকিস্তানের ২৩৫ রান তাড়া করে ফেলবে—এমন প্রত্যাশা কিন্তু অনেকেরই ছিল। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান তাদের ক্রিকেটীয় ঐতিহ্যের স্ফুরণ ঘটিয়ে জিম্বাবুয়েকে আটকে রাখতে পেরেছে লক্ষ্যমাত্রা থেকে ২০ রান দূরেই।
জিম্বাবুয়ে কিন্তু এই ম্যাচ জিততে পারত। যতক্ষণ ব্রেন্ডন টেলর ছিলেন, হ্যামিল্টন মাসাকাদজা কিংবা শন উইলিয়ামস কিংবা ক্রেইগ ইভান্স ছিলেন, ততক্ষণ জিম্বাবুয়ে কিন্তু জয়ের পথেই ছিল। টেলর দারুণ এক ফিফটি করে দলকে টেনে নিয়ে যাওয়ার ব্যাটিংই করছিলেন কিন্তু মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজের দুর্দান্ত বোলিং আর অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় জিম্বাবুয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। টেলর, মাসাকাদজা, উইলিয়ামস, আরভিনদের ব্যর্থতা আছে। নিজেদের ইনিংসের ভিত্তিটা গড়েও তা শেষ পর্যন্ত গড়ে তুলতে না পারার অক্ষমতায় জন্য দায়ী তাঁরাও। প্রয়োজনীয় মুহূর্তে উইকেট বিলিয়ে দিয়ে এসে আজ জিম্বাবুয়েকে দারুণ একটা জয় থেকে বঞ্চিত করলেন তাঁরা।
টেলর করেছেন ৫০, মাসাকাদজা ২৯। উইলিয়ামসের ইনিংসটা থেমেছে ৩৩ রানে আর আরভিন আউট হন ১৪ রানে। জিম্বাবুয়ের পক্ষে শেষ লড়াইটা চালিয়েছিলেন অধিনায়ক এলটন চিগুম্বুরা। তাঁর ৩৫ রান কেবল পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে। একজন যোগ্য সঙ্গীর অভাবটা দারুণভাবেই অনুভব করেছেন এই চিগুম্বুরা। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংস থেমে যায় ২১৫ রানেই, ৪৯.৪ ওভারে।
মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজই মূলত শেষ করে দেন জিম্বাবুয়ের জয়ের স্বপ্ন। দুজনই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন চারটি করে উইকেট। অপর একটি উইকেট নিয়েছেন রাহাত আলী। সূত্র: স্টার স্পোর্টস