বেঙ্গালুরুতে সতর্ক অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার থেকে টেস্ট শুরু, অথচ তার তিন দিন আগেও বেঙ্গালুরুর উইকেট কেমন হবে, তা নিয়ে রহস্য কাটছে না! এ মাঠের দায়িত্ব যাদের, সেই কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) অবশ্য জানিয়েছে, স্পোর্টিং উইকেটই হবে। তবু ধোঁয়াশা কাটছে না। দুশ্চিন্তাটা মনে হচ্ছে ভারতেরই বেশি। পুনেতে ও রকম স্পিনবান্ধব উইকেট বানিয়ে এভাবে ম্যাচ হারা! এবার আর ঝুঁকি নিতে চায় না ভারত। অন্যদিকে ক্রিকেট-বোদ্ধাদের ভুল প্রমাণ করে সিরিজের প্রথম টেস্ট জিতে অস্ট্রেলিয়া দারুণ আত্মবিশ্বাসী। উইকেট নিয়ে তাই বেশি না ভেবে নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছে স্টিভেন স্মিথের দল।
স্পিনিং উইকেটেও ভারতকে হারানোর পর এমন আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ার হতেই পারে। সহ-অধিনায়ক ভেডিভ ওয়ার্নারও পুরো কৃতিত্বটাই দিচ্ছেন তাঁর দলকে, ‘আমরা খুবই কঠিন উইকেটে, যেটা খুবই স্পিনবান্ধব ছিল, সেখানে ভালো ক্রিকেট খেলেছি। আপনি হয়তো এক রকম পরিকল্পনা করে মাঠে যাবেন, গিয়ে দেখবেন পরিস্থিতি অন্য রকম। সে জন্যই আপনার আগে থেকে একটা বিকল্প পরিকল্পনাও থাকতে হবে।’
বেঙ্গালুরুতেও তাই যেকোনো পরিস্থিতির জন্য তৈরি হয়েই মাঠে নামবেন ওয়ার্নাররা, ‘এখানেও আবার সে রকম হতে পারে। যদি দেখা যায় উইকেটে সিম ও বাউন্স আছে, প্রথম দিন থেকেই বল ঘুরছে, আমাদের আবার সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’
তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আবার ভারতকে হালকা করে দেখছেন না ওয়ার্নার, ‘আমরা জানি, ভারত কত শক্তিশালী দল, বিশেষ করে নিজেদের মাটিতে। ওরা কঠিনভাবেই ঘুরে দাঁড়াবে। ওরা বিশ্বের এক নম্বর টেস্ট দল। সুতরাং সেটাই প্রত্যাশিত।’ এবিসি অস্ট্রেলিয়া।