উইকেট বানানো হয়েছিল রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার জন্য। আর সেই উইকেটে বল ঘোরালেন স্টিভেন ও’কিফ। পুনের উইকেট এভাবে বুমেরাং হয়ে যাওয়ায় টনক নড়েছে ভারতের। বেঙ্গালুরুতে পরের টেস্টের উইকেট কেমন হবে, এ নিয়ে গত কয়েক দিনে অনেক কথাবার্তা হচ্ছে। সেই আলোচনার ফল বোঝা যাবে আগামী শনিবার থেকে টেস্টটা শুরু হলেই। তবে এখন পর্যন্ত যা আভাস—পুনের মতো স্পিনিং উইকেট হচ্ছে না বেঙ্গালুরুতে। জেনেশুনে আর ঝুঁকি নিতে চায় না ভারত।
বেঙ্গালুরুর মাঠটা কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) অধীনে। ভারতীয় দৈনিক হিন্দুকে কাল কেসিএ সচিব সুধাকর রাও স্পষ্টই বলেছেন, ‘আমরা একটা স্পোর্টিং টেস্ট ম্যাচ উইকেট বানাতে চাই। আমরা পাঁচ দিনের ম্যাচ দেখতে চাই। আড়াই দিনে খেলা শেষ হয়ে যাবে এমন উইকেট চাই না।’
সেই ‘স্পোর্টিং উইকেট’ কেমন হবে, তা অবশ্য আন্দাজ করতে পারছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। পুনেতে স্পিনারদের দাপটে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১ ওভার বল করার সুযোগ পেয়েছেন। তাঁর সঙ্গী ফাস্ট বোলার জশ হ্যাজলউড করেছেন মাত্র ৯ ওভার। বেঙ্গালুরুতে উইকেট বদলালেও খুব বেশি পেস বোলিং সহায়ক বানানোর সাহস ভারত করবে না বলেই মনে করেন স্টার্ক, ‘আমার মনে হয় না খুব বাউন্সি বা দ্রুতগতির উইকেট হবে। কারণ ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতাই সেখানে। বিশেষ করে উপমহাদেশের ব্যাটসম্যানরা ও রকম উইকেট পছন্দ করে না। ওরা দ্রুত ও বাউন্সি উইকেটে অভ্যস্ত নয়।’ তাহলে কেমন হবে বেঙ্গালুরুর উইকেট? স্টার্কের অনুমান, ‘আমি প্রায় নিশ্চিত শুকনো উইকেটই হবে, ফলে রিভার্স সুইংয়ে সাহায্য পাওয়া যাবে।’
অবশ্য উইকেট নিয়ে এত কথাবার্তায় কান দিচ্ছেন না অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। আগের দিনই বলে দিয়েছিলেন, ‘পরের টেস্টে কেমন উইকেট হবে, তা নিয়ে আমরা ভাবছি না। এমন ঘূর্ণি উইকেটে যদি আমরা ভারতকে হারাতে পারি, তাহলে অন্য যেকোনো উইকেটেও পারব।’ প্রথম টেস্ট ৩৩৩ রানে জিতে এতটাই আত্মবিশ্বাসী লেম্যান।
অস্ট্রেলিয়া দলও আছে ফুরফুরে মেজাজেই। আড়াই দিনে খেলা শেষ হয়ে যাওয়ায় বাড়তি বিশ্রাম পেয়ে গেছে দুই দলই। স্টিভেন স্মিথরা সেই সময়টা কাটিয়েছেন গলফ আর টেবিল টেনিস খেলে। ওদিকে দলকে চাঙা করতে ভারতের কোচ অনিল কুম্বলে খেলোয়াড়দের নিয়ে বেরিয়েছিলেন পর্বতাভিযানে। সেখান থেকে ফিরে এসে টুইটার-ইনস্টাগ্রামে কোহলিদের দেওয়া ছবি দেখেও মনে হচ্ছে, পুনের হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়েছে।
টানা ছয়টি সিরিজ জেতা ভারত এই সিরিজেও যে ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করবে, তা নিয়ে কিন্তু সন্দেহ নেই স্টার্কেরও, ‘পুনেতে যেভাবে জিতেছি তাতে আমরা সবাই খুশি। কিন্তু একই সঙ্গে এটাও জানি, এই একটা টেস্টই আমাদের সিরিজ জেতাবে না। আরও তিনটি টেস্ট বাকি এবং ভারত কঠিনভাবে ফিরে আসবে।’ এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড।