বৃষ্টির কারণে খেলা বন্ধ। কখন শুরু হবে তার ঠিক নেই। কাঁহাতক আর হাত-পা গুটিয়ে বসে থাকা যায়। ওদিকে গ্যালারিতে এসেছেন হৃদয়ের সবচেয়ে কাছের মানুষটি, একটু কথা বলার জন্য মন আকুলিবিকুলি করে না! বিরাট কোহলি নিজেকে সামলাতে পারলেন না। একটু পরেই ক্যামেরায় ধরা পড়ল, প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে কথা বলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। ঘটনাটা পরশু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে। দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে খেলার সময় ঘটেছে এ ঘটনা। কোহলি-আনুশকা বলে কথা, মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তোলপাড়। কিন্তু খেলার মধ্যে তো চাইলেই এভাবে গ্যালারিতে ছুটে যাওয়া যায় না। আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, কোহলিকে মৌখিকভাবে সতর্কও করে দেওয়া হয়েছে। আকসুও এটা নিয়ে আপত্তি জানিয়েছে। কোহলি মনে হয় না আর এমন করবেন! এনডিটিভি।