বেজায় চটেছেন অ্যামব্রোস

ঘনিষ্ঠ মহলে অন্য রূপ থাকতে পারে, তবে জনসমক্ষে কথা বরাবরই কম বলেন কার্টলি অ্যামব্রোস। বিতর্কিত কথা তো আরও না। এই যে গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বোলিং পরামর্শকের পদ থেকে তাঁকে বরখাস্ত করা হলো, এ নিয়েও খুব একটা উচ্চবাচ্য করেননি। শুধু যাঁর পরামর্শে তাঁকে বাদ দেওয়া হলো, সেই ফিল সিমন্সকে প্রশ্ন করেছিলেন, তাঁর ভুল কী ছিল এবং সেটি তাঁকে জানানো হলো না কেন!
মে মাস পেরিয়ে সেপ্টেম্বর আসতে না-আসতেই চাকরি থেকে বরখাস্ত হলেন সিমন্সও। আগামী শুক্রবার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের। দলের সবাই যখন বিমানে চড়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই এসেছে এ ঘোষণা। এ ঘটনায় কিছুটা হলেও তো খুশি হওয়ার কথা অ্যামব্রোসের! কিন্তু উল্টো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সমালোচনাই করলেন অ্যামব্রোস, ‘স্পষ্ট করে বললে, সিদ্ধান্তটি একদম ভুল সময়ে নেওয়া হয়েছে।’
গত বছরও শ্রীলঙ্কা সিরিজের আগে কোচকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল ডব্লুআইসিবি। অ্যামব্রোসের চোখে বোর্ডের কর্মপদ্ধতিতেই গলদ আছে, ‘গত বছর শ্রীলঙ্কা সফরের সময়ও এ ঘটনা ঘটেছিল। দল নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে কথা বলাতে শ্রীলঙ্কায় যাওয়ার দু-তিন দিন আগে সিমন্সকে বরখাস্ত করা হলো, সেটাও ছিল ভুল। তাঁর কথায় খুশি না হলেই সফরের দুই দিন আগে তাঁকে সরিয়ে দিতে হবে? তারা যেটা করতে পারত, তাঁকে (সিমন্সকে) জানিয়ে দিতে পারত, এ ধরনের কথায় আমরা খুশি নই। সে দেশে ফিরলে তারপর না হয় ব্যবস্থা নিত। কিন্তু এবারও সেটাই হলো।’
বোর্ডের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন আরও অনেকেই। সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি, কাইরন পোলার্ড, এমনকি গ্রেনাডার প্রধানমন্ত্রী কিথ মিচেল পর্যন্ত আছেন সমালোচকদের মধ্যে। অ্যামব্রোসও মনে করেন এ সিদ্ধান্তে দলের ক্ষতি হবে, ‘এতে দলের মনোবল নষ্ট হয়ে যায়। কারণ বেশ কিছুদিন ক্যাম্প করার পর যাত্রার দুই দিন আগে ওরা জানল, কোচকে বরখাস্ত করা হয়েছে। এটা দলকে ভুল বার্তা দেয়।’
অনেক দিন পর মুখ খুললেন বলেই কি না, অ্যামব্রোসের কথার চাবুক শুধু বোর্ড নয়, খেলোয়াড়দের পিঠেও পড়েছে। সাম্প্রতিক সময়ে টেস্ট বা ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ দলের করুণ অবস্থার জন্য বর্তমান ক্রিকেটারদের দায়ই বেশি দেখেন অ্যামব্রোস, ‘গত ১০-১২ বছরের কথা চিন্তা করে দেখুন। এই সময় অনেক কোচ এসেছে-গেছে, কিন্তু দলের খেলায় তো কোনো পরিবর্তন আসেনি। তাই আমি ঠিক নিশ্চিত না, সমস্যাটা কোচিং বা কোচদের কি না। আমাদের উচিত খেলোয়াড়দের দিকে তাকানো এবং তাদের নিয়ে প্রশ্ন করা। তারা কি বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট ভালো?’
সিমন্সের বদলে পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দেখভালের দায়িত্ব পড়েছে সাবেক ফাস্ট বোলার জোয়েল গার্নারের ওপর। সঙ্গে সহকারী হিসেবে আছেন হ্যান্ডারসন স্প্রিংগার ও রডি ইস্টউইক। এঁদের অধীনে দলের সাফল্য-ব্যর্থতাই জানিয়ে দেবে অ্যামব্রোসের প্রশ্নের উত্তর। জ্যামাইকা গ্লিনার।