বেনো-মরিসের পর ক্লাইন

টেস্ট ক্রিকেট তাঁকে মনে রাখবে নাটকীয় এক মুহূর্তের সাক্ষী হিসেবে। সেই নাটকীয় মুহূর্তের গল্পটাই তাহলে শোনা যাক প্রথমে।
১৪ ডিসেম্বর, ১৯৬০। ব্রিসবেনে ফ্রাঙ্ক ওরেল ট্রফির প্রথম টেস্টের শেষ দিন। ম্যাচের শেষ ওভারের খেলা চলছে। দুই দলের স্কোর সমান। অস্ট্রেলিয়ার জিততে ২ বলে লাগে ১ রান। ম্যাচ টাই করতে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১ উইকেট। অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসেবে নামলেন যে ভদ্রলোক, তাঁর নাম লিন্ডসে ক্লাইন। নন-স্ট্রাইকিং প্রান্তে ইয়ান মেকিফ। বোলার ওয়েস হলের করা ৭ম বলটা (তখন ওভার হতো ৮ বলে) কোনোমতে ব্যাটে লাগিয়েই ছুটলেন ক্লাইন। বল গেল স্কয়ার লেগে জো সলোমনের হাতে, যেখান থেকে তিন স্টাম্প দেখাচ্ছিল একটা স্টাম্পের মতো। পড়ন্ত বিকেলের আলোতে প্রায় ১২ মিটার দূর থেকে ওই এক স্টাম্প লক্ষ্য করেই থ্রো করলেন সলোমন। বল যখন বেল উড়িয়ে দিল, মেকিফ ক্রিজ থেকে কয়েক ইঞ্চি দূরে। ক্রিকেট দেখল ইতিহাসের প্রথম টাই টেস্ট!
১৩৮ বছরে ২১৭৯টি টেস্টের মধ্যে টাই ম্যাচ মাত্র দুটি। টেস্ট ক্রিকেটে টাই কতটা বিরল ঘটনা সেটা বোঝার জন্য এই পরিসংখ্যানটাই যথেষ্ট। দুটি টাইয়ের সঙ্গেই আবার জড়িয়ে আছে অস্ট্রেলিয়ার নাম (অন্যটি ১৯৮৬ সালে চেন্নাইয়ে, যেখানে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ভারত)। ব্রিসবেনে ইতিহাসের প্রথম টাই টেস্টের শেষ বলটি খেলা লিন্ডসে ক্লাইন পরশু ৮১ বছর বয়সে পাড়ি জমিয়েছেন না-ফেরার দেশে।
অস্ট্রেলীয় ক্রিকেট দলের সবুজ টুপি পরা ২০৭তম খেলোয়াড় ক্লাইন, ১৯৫৭ থেকে ১৯৬১ সালের মধ্যে দেশের হয়ে খেলেছেন ১৩টি টেস্ট। বাঁহাতি চায়নাম্যান বোলিংয়ে ২২.৮২ গড়ে নিয়েছেন ৩৪ উইকেট। যার মধ্যে আছে ১৯৫৭ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি হ্যাটট্রিকও। ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭.৩৯ গড়ে নিয়েছেন ২৭৬ উইকেট। মূলত বোলার, কিন্তু ইতিহাসে জায়গা পেয়ে গেছেন ব্যাটসম্যান হিসেবে! স্মরণীয় সেই টাই টেস্টের শেষ বলটি খেলা ছাড়াও আরও একবার ব্যাটসম্যানের ভূমিকায় একটি বিরল মুহূর্তের সাক্ষী তিনি। ওই সিরিজেই অ্যাডিলেডে চতুর্থ টেস্টে জয়ের খুব কাছাকাছি ছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে ৪৬০ তাড়া করতে নামা অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়েছিল ২০৭ রানে। শেষ দিনের খেলা তখনো প্রায় ২ ঘণ্টা বাকি। শেষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ১০৯ মিনিট অপরাজিত থেকে ১৫ রান করেছিলেন ক্লাইন। ম্যাচটি ড্র করে তবেই ফিরেছিলেন ড্রেসিংরুমে, যেটি তাঁর ক্যারিয়ারেরই শেষ টেস্ট।
অনেক অসাধারণ মুহূর্তের সাক্ষী এমন একজনের বিদায়ে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘গোটা ক্যারিয়ারেই ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন লিন্ডসে ক্লাইন। সে কারণেই তাঁকে অস্ট্রেলীয় ক্রিকেট ইতিহাসের একটা বিশেষ জায়গায় রাখতে হবে।’
রিচি বেনো, আর্থার মরিসের পর এবার লিন্ডসে ক্লাইন। ২০১৫ সালটা সাদারল্যান্ডের কাছে যেন অস্ট্রেলীয় ক্রিকেটের জন্য শোকের বছর, ‘বছরজুড়েই আমরা আমাদের ক্রিকেট ইতিহাসের রত্নদের হারিয়েছি।’ এএফপি।