
ক্রমশই আরও বেশি করে জালে আটকে যাচ্ছেন ক্রিস কেয়ার্নস। সাউথওয়ার্ক ক্রাউন আদালতে চলমান মামলায় সাক্ষ্য দিতে আসা কাউকেই নিজের পক্ষে পাচ্ছেন না সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার। লু ভিনসেন্ট আর ব্রেন্ডন ম্যাককালামের পর এবার আরও দুই সাবেক সতীর্থ কাইল মিলস ও আন্দ্রে অ্যাডামসও সাক্ষ্য দিলেন কেয়ার্নসের বিরুদ্ধেই।
এর আগে সাক্ষ্য দিতে এসে লু ভিনসেন্ট সবিস্তারে জানিয়েছিলেন, কীভাবে তাঁকে ফিক্সিংয়ে জড়িয়েছিলেন কেয়ার্নস। ম্যাককালামও দাবি করেছেন, তাঁকেও ফিক্সিংয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন কেয়ার্নস। এবার মিলস আর আন্দ্রে অ্যাডামসের সাক্ষ্যতে জানা গেল, ফিক্সিং নিয়ে কতটা বেপরোয়া ছিলেন সাবেক এই কিউই অলরাউন্ডার।
কেয়ার্নসের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগটা প্রথমে তুলেছিলেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। কিন্তু ওই অভিযোগ তোলার কারণে ২০১২ সালে উল্টো মোদির বিরুদ্ধে লন্ডনের আদালতে মানহানির মামলা করে জিতে যান সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার। পরে অবশ্য ব্রিটিশ কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন কেয়ার্নস। এরপরই শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও বিচার প্রভাবিত করার অভিযোগে নতুন করে তদন্ত শুরু হয় তাঁর বিরুদ্ধে। চলমান এই মামলায় কেয়ার্নসের সাবেক কয়েকজন সতীর্থ ছাড়াও সাক্ষ্য দেবেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং।
পরশু মিলস ও অ্যাডামস অবশ্য সশরীরে সাক্ষ্য দিতে আসতে পারেননি। ভিডিও লিঙ্কের মাধ্যমে কথা বলেছেন আদালতের সঙ্গে। নিষিদ্ধ হয়ে যাওয়া আইসিএলে কেয়ার্নস কীভাবে স্পট ফিক্সিং করতেন, সেসব উঠে এসেছে অ্যাডামসের সাক্ষ্যতে। সাবেক কিউই পেসার তখন আইসিএলে খেলেন কলকাতা টাইগার্সে। কেয়ার্নস ছিলেন চণ্ডীগড় লায়ন্সের অধিনায়ক। অ্যাডামসের দাবি, ‘ক্রিস (কেয়ার্নস) বলতেন, যদি ফিক্সিং হয়, তাহলে কী আসে যায়? এই লিগেরই তো অনুমোদন নেই। কে, কী করবে? প্রমাণই বা পাবে কোথায়?’
কেয়ার্নস ছাড়াও অ্যাডামসকে নাকি সরাসরি ফিক্সিং করার প্রস্তাব দিয়েছিলেন লু ভিনসেন্টও। কিন্তু এত প্রস্তাব পাওয়ার পরে কেন তা কর্তৃপক্ষকে জানাননি, অবধারিত এই প্রশ্নটা তাঁকে করেছিলেন কেয়ার্নসের আইনজীবী। অ্যাডামস বলেছেন, ‘ভিনসেন্ট আমার বন্ধু। তখন সে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তাঁর আরও ক্ষতি হয়ে যাবে বলে আমি কাউকে বলিনি। আর কেয়ার্নস ছিলেন আমাদের কাছে নায়কের মতো। ২০০৬-০৭ সালে আমি যখন গিয়ে সংগ্রাম করছি, তখন তিনি আমাকে অনেক সাহায্য করেছিলেন।’
কেয়ার্নসের কাছ থেকে ফিক্সিংয়ে জড়ানোর প্রস্তাব পাওয়ার কথা আদালতকে বলেছেন কাইল মিলসও। তিনিও অবশ্য তখন তা আইসিসির কাছে রিপোর্ট করেননি। ২০১১ সালে ব্রেন্ডন ম্যাককালামই নাকি তাঁকে বুঝিয়েছেন এই ব্যাপারগুলো কতটা ভয়ংকর এবং পরামর্শ দিয়েছেন আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে রিপোর্ট করার। তার পরও কেন মিলস রিপোর্ট করেননি, সেই প্রশ্নও উঠল আদালতে। জবাবে মিলস বলেছেন, ‘এখন আন্তর্জাতিক ক্রিকেটে অনেকেই ব্যাপারটি নিয়ে সচেতন। আকসুর কারণে এ ব্যাপারটি নিয়ে খেলোয়াড়েরা খুব ভালোমতো জানে। কিন্তু তখন আমরা এতটা সচেতন ছিলাম না।’ সিডনি মর্নিং হেরাল্ড।