‘বেবি এবি’র ঘরে টেন্ডুলকার-কোহলি

দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেভাল্ড ব্রেভিসফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেওয়াল্ড ব্রেভিস। দক্ষিণ আফ্রিকান তরুণ এই ব্যাটসম্যান এ বছরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেকে চিনিয়েছেন। দর্শকদের কাছে নিজের নামের থেকে বেশি পরিচিত ‘বেবি এবি’ নামে। ব্যাটিংয়ের ধরনের দিক থেকে তিনি যেন এবি ডি ভিলিয়ার্সের ‘কার্বন কপি’! এ কারণেই অনেকে তাঁর মাঝে প্রিয় ‘এবি’কে খুঁজে পান। আদর করে নাম দিয়েছেন ‘বেবি এবি’!

এবিকে যে তিনি অনুসরণ করেন, তা বলার অপেক্ষা রাখে না। ব্যাটিংয়ের ‘এ–বি–সি–ডি’টাও শেখা ডি ভিলিয়ার্সের কাছে। সর্বশেষ যুব বিশ্বকাপের আগে দুই বছর বেবি এবির মেন্টর ছিলেন এবি। তবে স্টার স্পোর্টসের একটি শোতে রীতিমতো অবাক করা তথ্য দিয়েছেন ব্রেভিস। ব্যাটসম্যান হিসেবে তাঁর আদর্শ কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শুধু তা–ই নয়, হালের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিও আছেন তাঁর প্রিয় তারকাদের তালিকায়। টেন্ডুলকার ও কোহলি—ব্রেভিসের শোবার ঘরে এ দুজনের নিত্য উপস্থিতি।

একটা সময়ে ব্রেভিসের মেন্টর ছিলেন এবি ডি ভিলিয়ার্স
ফাইল ছবি

যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান করা ব্রেভিসকে এবারের আইপিএলে তিন কোটি রুপিতে দলে টানে মুম্বাই ইন্ডিয়ানস। নিজের দাম ও নামের প্রতি ভালোই সুবিচার করছেন ব্রেভিস। মুম্বাইয়ের হয়ে এ পর্যন্ত খেলা ৪ ম্যাচে ১৫৬.৩৬ স্ট্রাইক রেটে করেছেন ১১৭ রান। মুম্বাই ইন্ডিয়ানসে বড় তারকাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পেরে আনন্দিত ব্রেভিস স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে কথা বলেছেন নিজের প্রতিদিনের যাপিত জীবন নিয়েও।

১৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান বলেছেন, ‘আমি মনে করি, এবি ডি ভিলিয়ার্সকে অনেকেই চেনে। আমি ছোট থেকেই তাঁর খেলা দেখি এবং তিনি যেভাবে খেলেন, তা আমি পছন্দ করি। তবে আমি শচীন টেন্ডুলকারকেই আদর্শ মেনে এসেছি। তাঁর খেলা, জীবনযাপন—সবকিছুই ভালো লাগে।’

শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলিদের পোস্টার নিজের শোবার ঘরে টানিয়ে রেখেছেন ব্রেভিস
ফাইল ছবি

ব্যাটিংয়ের পাশাপাশি কখনো কখনো লেগ স্পিনের জন্য হাত ঘোরানো ব্রেভিস এরপর যোগ করেন, ‘আমি বিরাট কোহলিকেও পছন্দ করি এবং বোলার হিসেবে শেন ওয়ার্নকেও পছন্দ করি। কারণ, আমি নিজেও লেগ স্পিনার।’ এসব বলতে বলতেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরেকটি তথ্য দিয়েছেন বেবি এবি—তাঁর শোবার ঘরজুড়ে ঝোলানো আছে টেন্ডুলকার আর কোহলির নানা রকমের পোস্টার।