বেবি-বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন বেবি—নামটা নিয়ে বেশ কৌতূহল তাঁর সতীর্থ ক্রিকেটারদের মধ্যেই। ‘ওর কাছে গিয়ে নামের ব্যাখ্যাটা শোনেন তো’—পেসার আল আমিনই উসকে দিলেন এই প্রতিবেদককে। কাল বিসিবি একাডেমি মাঠে ফিল্ডিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন প্রাইম দোলেশ্বরের ভারতীয় অলরাউন্ডার। নাম ধরে ডাকতেই ফিরে তাকালেন। জানালেন তাঁর নামের ঠিকুজি, ‘আমার বাবা-মা শচীন টেন্ডুলকারের বিরাট ভক্ত। শচীন নামটা এসেছে তাঁদের প্রিয় খেলোয়াড় থেকে। আর বেবি হচ্ছে আমাদের বংশপদবি। বাবার নাম পিসি বেবি।’ যখন বৃদ্ধ হবেন তখন ‘বেবি’ নাম শুনতে কেমন লাগবে? রসিকতাপূর্ণ প্রশ্নে তাঁর সংক্ষিপ্ত উত্তর, ‘শুনে ভালোই লাগবে।’ নাম নিয়ে বন্ধুবান্ধব কিংবা কাছের মানুষেরা রসিকতা করেন? না-সূচক উত্তর বেবির, ‘নাম নিয়ে কেউ মজা করে না। সবাই স্বাভাবিকভাবেই ডাকে।’