বেরসিক বৃষ্টি ও ব্রাদার্সের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাদার্সের ইনিংসের ১৪তম ওভারে বৃষ্টি নামল একবার। সেটি অবশ্য মিনিট দশেকের বেশি খেলা বন্ধ রাখতে পারল না। তবে বিকেএসপির মেঘকালো আকাশ ঠিকই চোখ রাঙাচ্ছিল, আবারও বৃষ্টি নামা শুধুই সময়ের ব্যাপার।
৪২তম ওভারে শুরু হলো টিপটিপ বৃষ্টি। ‘যতটুকু এগিয়ে নেওয়া যায়’ ভাবনায় আম্পায়াররা খানিকক্ষণ খেলা চালিয়ে নিলেন। খেলা বন্ধের ‘দাবি’তে ব্রাদার্সের ড্রেসিংরুম থেকে ততক্ষণে শুরু হয়ে গেছে চিৎকার-চেঁচামেচি! বৃষ্টির তীব্রতায় একসময় আম্পায়াররা বাধ্য হলেন খেলা বন্ধ করতে। আনন্দে ব্রাদার্সের ড্রেসিংরুমে তখন করতালির বৃষ্টি! মুখ আঁধার করে সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে ফিরলেন প্রাইম ব্যাংকের আইকন খেলোয়াড় সাব্বির রহমান।
বৃষ্টি-বাগড়ায় ৪২.৫ ওভারে যখন খেলা থেমে গেল, ব্রাদার্সের রান ৩ উইকেটে ১৯৩। ৪৩ বলে দরকার ৫৭ রান। ম্যাচ যেকোনো দিকেই যেতে পারত। তবু ব্রাদার্স কেন খুশি? কারণ, ডাকওয়ার্থ-লুইস (ডি/এল) পদ্ধতিতে তারা তখন এগিয়ে ৭ রানে।
ক্রমশ জোরালো হতে থাকা বৃষ্টিতে মাঠ জলে থই থই। আর খেলা সম্ভব নয়, এই সিদ্ধান্ত নিয়ে আধঘণ্টা পর ব্রাদার্সকে জয়ী ঘোষণা করলেন ম্যাচ রেফারি।
ম্যাচটা এমন একটা অবস্থায় ছিল যে, দুই দলই দাবি করল, বৃষ্টি না হলে তারাই জিতত। ২৫০ রান তাড়া করতে নামা ব্রাদার্স বেশ ধীর-লয়েই এগোচ্ছিল। তুষার ইমরান-শাহরিয়ার নাফীসের দ্বিতীয় উইকেটে ৭৪ ও শাহরিয়ার-জাকির হাসানের তৃতীয় উইকেট-জুটি তুলেছিল ৭৬ রান। উইকেট হাতে থাকলেও আস্কিং রেট সাতের ওপর চলে গিয়েছিল ব্রাদার্সের। এমন সমীকরণে ম্যাচ প্রাইম ব্যাংকের দিকেই ছিল বলে মনে করেন সাব্বির, ‘বৃষ্টি না হলে ম্যাচের চেহারা অন্য রকম হতে পারত। ওরা তখন অনেক চাপে ছিল। আমাদের দুর্ভাগ্যই বলতে পারেন।’
তবে পাল্টা যুক্তি দিলেন ৮৪ রানে অপরাজিত থাকা ব্রাদার্সের ওপেনার শাহরিয়ার, ‘প্রথম দফা বৃষ্টির পরই ডিএলের হিসাবটা আমাদের জানা ছিল। আর পুরো ম্যাচ হলেও আমরা জিততাম। কারণ, আমাদের হাতে উইকেট ছিল। একটু পরই চালিয়ে খেলতাম।’
ম্যাচ শেষে সবচেয়ে খুশি দেখাল ব্রাদার্স অধিনায়ক তুষার ইমরানকে। দল জিতেছে; ৪১ রান ও ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। তুষারের ম্যাচসেরা হতে দেখে আফসোস হতে পারে শেহান জয়াসুরিয়ার। প্রাইম ব্যাংকের লঙ্কান অলরাউন্ডার ৬৩ রানের পাশাপাশি কৃপণ বোলিংয়ে নিয়েছিলেন ২ উইকেট।
ম্যাচের ফল ঘোষণা করার একটু পরই বৃষ্টি থেমে গেছে। শেষ বিকেলে রোদ উঠেছে পূর্ণ তেজে। তাতে প্রাইম ব্যাংকের দুঃখটা আরও বেড়েছে!
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক: ৪৯.৩ ওভারে ২৪৯ (জয়াসুরিয়া ৬৩, শাহানাজ ৪২, মেহেদী ৩৬, নুরুল ৩৪; নুর আলম ৩/২৫, সাদিকুর ২/৪৩, তুষার ২/৪৭)
ব্রাদার্স: ৪২.৫ ওভারে ১৯৩/৩ (শাহরিয়ার ৮৪*, তুষার ৪১, জাকির ৩৫; জয়াসুরিয়া ২/২৫, সাব্বির ১/২৯)
ফল: ব্রাদার্স ৭ রানে জয়ী (ডি/এল পদ্ধতিতে)
ম্যান অব দ্য ম্যাচ: তুষার ইমরান