বেরসিকদের পাল্লায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুইয়ান ক্রিকেটাররা আর কখনো ইন্টারনেট ব্যবহার করে রসিকতা করতে যাবেন বলে মনে হয় না। কোচ কিংবা ক্রিকেট কর্মকর্তারা কতটা বেরসিক হতে পারেন সেটার অল্পবিস্তর প্রমাণ যে তাঁরা পেলেন। বেরসিকদের খপ্পরে পড়ার মজাটা হাড়ে হাড়ে টের পেলেন আসলে তিনাশে পানিয়াঙ্গারা। মজা করতে গিয়ে জিম্বাবুইয়ান পেসার চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে নিষিদ্ধই হয়ে গেলেন। সতীর্থদের সঙ্গে অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল জনসনের একটি ভিডিও শেয়ার করেই বিপদে পড়েছেন পানিয়াঙ্গারা। জনসনের পেস-বাউন্সের তোপে জেরবার হচ্ছেন ইংলিশ ব্যাটসম্যানরা, ভিডিওটা ছিল সর্বশেষ অ্যাশেজের। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার আগে এই ভিডিও মনোবল ভেঙে দেবে ব্যাটসম্যানদের, এই যুক্তিতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাঁকে বহিষ্কার করা হয়েছে এক ম্যাচ, কেটে নেওয়া হয়েছে এক ম্যাচের ম্যাচ ফিও। এএফপি।