বেরিংটনের ঝড়ে ডুবল পাপুয়া নিউগিনি
চারে নামা বেরিংটন চতুর্থ ওভারে উইকেটে আসেন। ১৯তম ওভারে আউট হওয়ার আগে স্কটল্যান্ডকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেন ডানহাতি এ ব্যাটসম্যান। দলীয় ২৮ রানে ব্যাটিংয়ে নেমে বেরিংটন যখন আউট হলেন স্কটল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩।
বাংলাদেশের বিপক্ষে ২০১২ সালে টি-টোয়েন্টিতে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন রিচি বেরিংটন। তখনই বোঝা গিয়েছিল এই পেস বোলিং অলরাউন্ডার ব্যাটিংয়েও বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পারেননি তিনি। মাত্র ২ রানে আউট হন। কিন্তু আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪৯ বলে ৭০ রানের ইনিংস খেলে বেরিংটন ঠিকই জ্বলে উঠলেন।
চারে নামা বেরিংটন চতুর্থ ওভারে উইকেটে আসেন। ১৯তম ওভারে আউট হওয়ার আগে স্কটল্যান্ডকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেন ডানহাতি এ ব্যাটসম্যান।
দলীয় ২৮ রানে ব্যাটিংয়ে নেমে বেরিংটন যখন আউট হলেন স্কটল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩। ৩ ছক্কা ও ৬ চারে ইনিংসটি সাজান তিনি। বেরিংটনের এ ইনিংসে ভর করেই ৯ উইকেটে ১৬৫ রানের শক্তিশালী সংগ্রহ পেয়ে যায় স্কটল্যান্ড।
এই পথে ম্যাথু ক্রসের সঙ্গে ৬৫ বলে ৯২ এবং ক্যালাম ম্যাকলাউডের সঙ্গে ২৩ বলে ৩৩ রানের জুটি গড়েন বেরিংটন।
স্কটল্যান্ডের হয়ে ৮৪ ওয়ানডে ও ৬৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বেরিংটন। ৩৪ বছর বয়সী এ ব্যাটসম্যানের টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ১২৭.৭৫।
আজ অবশ্য তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪২.৮৫। বড় বড় ছক্কা মেরে বেরিংটন বুঝিয়ে দেন সহযোগী দেশের খেলোয়াড় হলেও চমকে দেওয়ার সামর্থ্য এই বয়সেও আছে বেরিংটনের। আজ ম্যাচসেরার পুরস্কার তাঁর হাতেই উঠেছে।